বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ

নিরাপত্তা আশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০৭:০০ এএম

নিরাপত্তা আশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আশঙ্কার কথা বিবেচনা করে কাতার অনুষ্ঠিতব্য আগামী অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

১৯ নভেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল। ঠিক তার এক সপ্তাহ আগে খেলোয়াড়েরা এই সিদ্ধান্তের কথা জানতে পারেন। বেনামি সূত্রের বরাত দিয়ে ইউএস সকার কালেক্টিভ ও দ্য অ্যাথলেটিক এই খবর প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ইউএস সকার তাৎক্ষণিকভাবে এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করেনি এবং এ বিষয়ে মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে বর্তমান এই সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে তেহরান ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু বানায়।

সংঘাত বন্ধে চলা কূটনৈতিক প্রচেষ্টাগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ইরানে হামলা পুনরায় চালুর হুমকি দিয়ে আসছে।

অচল অবস্থার কারণে এই অঞ্চলের একাধিক ক্রীড়া ইভেন্ট ইতিমধ্যে প্রভাবিত হয়েছে। সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ডব্লিউটিএ টেনিস ফাইনালস শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে সরিয়ে নেওয়া হয়।

জেদ্দায় চলতি মৌসুমের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স বাতিল করা হয়েছে। বাহরাইনের রেসটিও বাতিল করা হয় এবং পরবর্তীতে মালয়েশিয়ায় একই নামে তা পুনরায় নির্ধারিত হয়।

ইয়েমেনের হুথিদের হামলার পর সৌদি আরবের বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট বাতিল বা স্থগিত করা হয়েছে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দলের একটি ছিল যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে মন্টিনেগ্রো, চিলি ও আলজেরিয়ার সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছিল মার্কিন দলকে।

গত বছর থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে বার্ষিক টুর্নামেন্টে রূপান্তর করা হয় এবং এটি টানা পাঁচ বছর ধরে কাতারে অনুষ্ঠিত হচ্ছে।

ফিফা ২০২৪ সালে স্বাগতিক দেশের নাম ঘোষণা করে। সংস্থাটি জানায়, একাধিক আসরের জন্য একক স্বাগতিক দেশ বেছে নেওয়ার মূল উদ্দেশ্য হলো বিদ্যমান ফুটবল অবকাঠামোর সঠিক ব্যবহার এবং টুর্নামেন্টের কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করা।

banner
Link copied!