বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনাল ক্লাব

আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করলেন ডেকলান রাইস

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৭, ২০২৬, ০৩:৩০ পিএম

আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করলেন ডেকলান রাইস

আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ডেকলান রাইস। এই চুক্তির ফলে ইংলিশ এই মিডফিল্ডার ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বুকায়ো সাকার সমকক্ষ হতে চলেছেন।

এর আগে রেকর্ড ১০ কোটি ৫০ লাখ পাউন্ডে ওয়েস্ট হ্যাম থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ২০২৩ সালে করা চুক্তিটির মেয়াদ বাড়াতে বেশ কিছুদিন ধরে আলোচনা চালিয়ে আসছিলেন রাইসের প্রতিনিধিরা।

তার আগের চুক্তিটির আর্থিক মূল্য ছিল সপ্তাহে প্রায় আড়াই লাখ পাউন্ড এবং সেটি ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে গানারদের হাতে চুক্তি আরও ১২ মাস বাড়ানোর সুযোগ ছিল।

গত রবিবার স্পেনের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে নিজের ৮২তম ম্যাচ খেলেছেন রাইস। গত মে মাসে আর্সেনালের দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জয়ের পেছনে প্রধান চালিকাশক্তি ছিলেন তিনি।

যদিও গত মৌসুমের দ্বিতীয়ার্ধে পিঠ ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে কিছুটা ভুগতে হয়েছিল তাকে। এই ফিটনেস সমস্যার কারণে নিজের বিশ্বকাপটা মাঝারি মানের কেটেছে বলে গত সপ্তাহে স্বীকার করেন ২৭ বছর বয়সী এই তারকা।

এদিকে জুরিয়েন টিম্বারের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে আর্সেনাল। ২০২৮ সালে যার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কুঁচকির চোটের কারণে বিশ্বকাপ মিস করা এই ডাচ ডিফেন্ডার সম্প্রতি মাঠে ফিরেছেন।

গত ২০২৩ সালে আয়াক্স থেকে আসার পর থেকে কোচ মিকেল আর্তেতার দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন টিম্বার।

গত মাসে চার বছরের নতুন চুক্তি করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন কোচ মিকেল আর্তেতাও। এর ফলে ক্লাবে তার কোচিংয়ের মেয়াদ এক দশক ছাড়িয়ে যেতে পারে।

গত এক বছর ধরে মূল খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন আর্তেতা এবং স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা।

এছাড়াও ডেভিড রায়া এবং পিয়েরো হিনকাপিয়ের সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

অধিনায়ক মার্টিন ওডেগার্ডের বর্তমান চুক্তির শেষ ১৮ মাস বাকি আছে। তবে গত সপ্তাহে তিনি জানিয়েছেন যে চুক্তি নবায়ন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি।

banner
Link copied!