২০২৬ সালের গেমিং ক্যালেন্ডারে এখন পর্যন্ত শীর্ষস্থানটি দখল করে নিল ব্রিটিশ স্টুডিও প্লেগ্রাউন্ড গেমসের নতুন চমক `ফোরজা হরাইজন ৬`। গত কয়েক মাসে মুক্তি পাওয়া পকেমন পোকোপিয়া ও রেসিডেন্ট ইভিল রিকুইয়েমের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে গেমটি বর্তমানে সমালোচকদের তালিকায় এক নম্বরে রয়েছে। রিভিউ সংগ্রাহক ওয়েবসাইট মেটাক্রিটিকের তথ্য অনুযায়ী, ১০০-এর মধ্যে ৯১ স্কোর পেয়ে এটি বছরের সেরা আলোচিত ভিডিও গেমের তকমা পেয়েছে। এর আগে মুক্তি পাওয়া পকেমন ও রেসিডেন্ট ইভিলের নতুন সংস্করণ দুটির গড় স্কোর ছিল ৮৯।
ভক্তদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে এবারের ফোরজা হরাইজন সিরিজটি সাজানো হয়েছে জাপানের পটভূমিতে। এর আগের সংস্করণগুলোতে মেক্সিকো এবং যুক্তরাজ্যের রাস্তাগুলোকে দেখা গেলেও, জাপানের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি গেমটির গ্রাফিক্সে এক নতুন মাত্রা যোগ করেছে। আগামী ১৯ মে এক্সবক্স কনসোল এবং পিসির জন্য আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা থাকলেও, গেমটির রিভিউ ইতিমধ্যেই গেমিং দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। তবে এই সাফল্যের মাঝেও কিছুটা বিতর্ক তৈরি হয়েছে গেমটির পিসি সংস্করণ ফাঁসের ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অননুমোদিত সংস্করণের প্লেয়ারদের বিরুদ্ধে মাইক্রোসফট কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।
ভিডিও গেমস ক্রনিকলের সম্পাদক ক্রিস স্কুলিয়ন গেমটিকে পাঁচ তারকা রেটিং দিয়ে জানিয়েছেন, জাপানের চমৎকার দৃশ্যপট গেমটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে বনের ভেতর ছোট ছোট মন্দির এবং পাহাড়ি জনপদের নিখুঁত উপস্থাপন গেমারদের মুগ্ধ করবে। তিনি এটিকে সর্বকালের সেরা রেসিং টাইটেলগুলোর একটি হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে টেকরাডার তাদের চার দশমিক পাঁচ তারকা রিভিউতে উল্লেখ করেছে যে, আগের সংস্করণের কিছু দুর্বলতা কাটিয়ে এবার গেমপ্লে আরও বেশি সাবলীল করা হয়েছে।
মেট্রোর প্রতিবেদনে গেমটির দ্রুতগামী গাড়ি, সুন্দর ল্যান্ডস্কেপ এবং রোমাঞ্চকর ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করা হয়েছে। যদিও অধিকাংশ সমালোচক একমত হয়েছেন যে গেমটির মূলে খুব বড় কোনো বৈপ্লবিক পরিবর্তন আসেনি, তবুও প্লেগ্রাউন্ড গেমস তাদের পুরনো ফর্মুলাকেই আরও নিখুঁতভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। যা গেমারদের দীর্ঘক্ষণ পর্দার সামনে ধরে রাখতে বাধ্য করবে।
গেমটির এই আকাশচুম্বী সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে মাইক্রোসফটের। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাইক্রোসফট তাদের গেমিং বিভাগ নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে। গণছাঁটাই, কনসোলের দাম বৃদ্ধি এবং তাদের গেম পাস সাবস্ক্রিপশন ফি বাড়িয়ে দেওয়ায় গেমারদের মধ্যে অসন্তোষ ছিল। এমন পরিস্থিতিতে ‘ফোরজা হরাইজন ৬’-এর এই সাফল্য মাইক্রোসফট এবং প্লেগ্রাউন্ড গেমসের জন্য একটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে। জাপানের নিয়ন আলোয় ঝলমলে শহরের রাস্তা থেকে শুরু করে শান্ত গ্রাম্য জনপথ—সব মিলিয়ে এই নতুন গেমটি রেসিং প্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
