শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা ফ্রান্সের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৩, ২০২৬, ১০:৫০ পিএম

ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা ফ্রান্সের

গাজাগামী ত্রাণবাহী নৌবহরের অংশ নেওয়া স্বেচ্ছাসেবী এবং ফরাসি নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থা করার দায়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। শনিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, গাজা ফ্লোটিলা কর্মীদের ওপর অমানবিক আচরণের ঘটনায় বিশ্বজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, এই নিষেধাজ্ঞা তারই প্রতিফলন।ফ্রান্সের ভূখণ্ডে বেন-গভিরের প্রবেশাধিকার এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ।

চলতি সপ্তাহে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টাকালে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ‘গ্লোবাল সুমুদ’ নামক একটি ফ্লোটিলা বা নৌবহরকে আটক করে। এ সময় ফ্লোটিলায় থাকা ফ্রান্সসহ বিভিন্ন দেশের শতাধিক স্বেচ্ছাসেবীকে হাত বেঁধে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়, যার একটি ভিডিও ফুটেজ বেন-গভির নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উপহাস করেন। আটককৃতদের দাবি, বন্দি অবস্থায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এই ঘটনায় ফ্রান্স অত্যন্ত ক্ষুব্ধ এবং বেন-গভিরের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন পর্যায়েও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আহ্বান জানানো হয়েছে। ইতামার বেন-গভির তার উসকানিমূলক কর্মকাণ্ড এবং চরমপন্থী রাজনৈতিক অবস্থানের জন্য দীর্ঘ সময় ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত। বিশেষ করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিতর্কিত সফর, গাজায় ত্রাণ প্রবেশে বাধা এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি নিষ্ঠুর আচরণের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের জন্ম দিয়ে আসছেন।

banner
Link copied!