রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইন্দোনেশীয় হাজিদের কোরবানির মাংস পাবে ফিলিস্তিনিরা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৪, ২০২৬, ০৬:১৫ পিএম

ইন্দোনেশীয় হাজিদের কোরবানির মাংস পাবে ফিলিস্তিনিরা

ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস এবার ফিলিস্তিনিদের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর হজের সময় পশু কোরবানি দেওয়ার পর সেই মাংস নিপীড়িত ফিলিস্তিনি জনগণের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির সরকার এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক।

সৌদি আরবের ‘আদাহি প্রজেক্ট’-এর মাধ্যমে এই মাংস সংগ্রহ ও বিতরণের প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রকল্পের কর্মকর্তাদের কাছে মাংস পৌঁছে দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সরাসরি নির্দেশনায় এই বিশেষ মানবিক উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে এটি একটি বড় সহায়তামূলক পদক্ষেপ হিসেবে দেখছে ইন্দোনেশিয়া।

সৌদি সরকারের সঙ্গে করা চুক্তির আওতায় এই মাংস প্রক্রিয়াজাত করে ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেওয়া হবে। ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনিদের প্রতি ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের দৃঢ় সমর্থন রয়েছে। হজের মতো পবিত্র সময়ে এই মানবিক কাজ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছরই হজের সময় লাখ লাখ পশু কোরবানি করা হয়। আগে এই মাংসের বড় একটি অংশ বিভিন্ন দেশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হতো। এবার সেই তালিকায় নতুন করে ফিলিস্তিনিদের অন্তর্ভুক্তি বেশ গুরুত্ব বহন করছে।

ইন্দোনেশীয় সরকারের এই উদ্যোগ মুসলিম বিশ্বের মধ্যে সংহতির নতুন বার্তা দিচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

banner
Link copied!