সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে একটি অস্থায়ী অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চৌদ্দ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে। বুধবার সংঘটিত এই বিস্ফোরণে আরও এগারোজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে দীর্ঘ সময় ধরে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে, এই দুর্ঘটনায় আহতদের মধ্যে মন্ত্রণালয়ের কিছু সদস্যও রয়েছেন। উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা গ্রামে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে বিস্ফোরণস্থলের আশপাশে ছোটোখাটো কন্টেইনার ও বারুদের লাগাতার সেকেন্ডারি বিস্ফোরণ ঘটায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে মারাত্মক বেগ পেতে হয়। উদ্ধারকর্মীরা ধংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের একজন আলোকচিত্রী ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের দৃশ্য প্রত্যক্ষ করেছেন। কর্তৃপক্ষ এখনও এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশটিতে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে।
প্রতিরক্ষ মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে যে, ধ্বংসপ্রাপ্ত এই গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধ ও সংঘাতের সময়কার বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নীশ শহরে গোলাবারুদবাহী একটি বাহনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যাতে পাঁচ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। যুদ্ধোত্তর সংঘাতের অবশিষ্টাংশ এবং পরিত্যক্ত অস্ত্র সংরক্ষণাগারগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বিরাজ করছে।
