বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকট

সৌদির ওপর হুতি হামলার তীব্র নিন্দা জানাল জি-সেভেন: ইরানের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১১, ২০২৬, ০৭:৩০ পিএম

সৌদির ওপর হুতি হামলার তীব্র নিন্দা জানাল জি-সেভেন: ইরানের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান

ইয়েমেনের অভ্যন্তরে এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। একই সঙ্গে ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এই বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও সহায়তা দেওয়া বন্ধ করার কঠোর আহ্বান জানিয়েছে তারা।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি গত ৯ ও ১০ নভেম্বর প্যারিসে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, হুতিদের এসব হামলায় সাধারণ নাগরিক এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেন সরকার ও সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জি-সেভেনের মন্ত্রীরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার উভয় দেশেরই রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন তারা এবং অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা ও হুমকি বন্ধ করতে হুতিদের প্রতি আহ্বান জানান।

তায়েজে জরুরি ভিত্তিতে একটি মানবিক করিডোর চালুর দাবি জানিয়েছে জোটটি। পাশাপাশি হুতিদের হাতে আটক জাতিসংঘর ৭০ জন কর্মীসহ সব ত্রাণকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি পুনরায় জানিয়েছে তারা।

প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের আক্রমণ এবং হরমুজ প্রণালীতে জাহাজের চলাচল বাধাগ্রস্ত করার তীব্র নিন্দা জানিয়েছে জি-সেভেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই বিশৃঙ্খলার ফলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেসামরিক জাহাজে হামলা বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো সমুদ্রপথের টোল বা বিধিনিষেধ প্রত্যাখ্যান করেছে জোটটি।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পরিচালিত মাইন অপসারণ এবং নিরাপত্তা প্রদানকারী অভিযানগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন মন্ত্রীরা। তারা জানান, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে পরিচালিত পৃথক একটি প্রতিরক্ষামূলক উদ্যোগ সামুদ্রিক বাণিজ্য পুনরুদ্ধার এবং মাইন অপসারণ যাচাইয়ে সহায়ক হতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে জি-সেভেন জানিয়েছে, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা অবিলম্বে পুনরায় শুরু করতে ইরানি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

জি-সেভেনভুক্ত দেশগুলোর নাগরিক ও ভূখণ্ডের বিরুদ্ধে সহিংস ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রীরা। গত ২৭ সেপ্টেম্বর রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটিতে ঘটা ঘটনার পেছনে ইরানের হাত রয়েছে বলে যুক্তরাজ্যের করা মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করে জোটটি, এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সদস্য দেশগুলো বদ্ধপরিকর বলে তেহরানকে কড়া বার্তা দেয়।

লেবানন বিষয়ে মন্ত্রীরা জানান, রাষ্ট্রের বাইরে থাকা সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা অত্যন্ত জরুরি, যার মধ্যে সবার আগে রয়েছে হিজবুল্লাহ। চলতি বছর জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে লেবানীয় সেনাবাহিনীকে সহায়তার জন্য একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামোর দাবি জানিয়েছেন তারা।

গাজা প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। গাজার ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না এবং ওই প্রস্তাবে নির্ধারিত শর্ত অনুযায়ী ইসরায়েলকে ক্রমান্বয়ে সেনা প্রত্যাহার করতে হবে বলে উল্লেখ করা হয়।

সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রীরা। দেশটির দক্ষিণ অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী।

banner
Link copied!