ইউক্রেন ও রাশিয়া তাদের মধ্যে সংঘাতে শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় বন্দী বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে। রবিবার ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন।
ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি নিশ্চিত করেন যে, মস্কো এই বন্দী বিনিময়ের শর্তাবলীতে সম্মত হয়েছে। ওই সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষদূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও বিশেষদূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন।
জেলেনস্কি বলেন, এটি হবে যুদ্ধবন্দীদের সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব ফলাফল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ওয়াশিংটনের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনার পরেই এই ঘোষণা আসে। জেলেনস্কি জানান যে, সাম্প্রতিক কূটনৈতিক পথরেখা এই যুদ্ধের একটি সম্ভাব্য সমাপ্তির আশা জাগিয়েছে।
তিনি উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরও বৈঠকের সম্ভাবনা রয়েছে। জেলেনস্কির মতে, যুদ্ধরত পক্ষগুলোকে একটি সমাধানের কাছাকাছি নিয়ে যেতে হলে আলোচনার প্রতিটি পরবর্তী রাউন্ড থেকেই সুনির্দিষ্ট ফলাফল আসতে হবে।
ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চয়তার কাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরে জেলেনস্কি জানান, আগামী দফা আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা আলাদাভাবে অংশ না নিয়ে সরাসরি আলোচনা দলের সঙ্গে যুক্ত হবেন।
তিনি বলেন, তাদের জোরালো ভূমিকা থাকবে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধটি ইউরোপে সংঘটিত হচ্ছে এবং ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের উপস্থিতি অত্যন্ত জরুরি।
আবুধাবিতে শান্তি আলোচনা শেষ হওয়ার ঠিক এক দিন পর মস্কোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষদূত উইটকফ এবং কুশনারের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
