বাহরাইন দ্বীপে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। রাষ্ট্রীয় গণমাধ্যমে এই দাবির কথা প্রচার করা হয়।
তবে মানামার কর্তৃপক্ষ কিংবা মার্কিন সরকার বাহরাইনে কোনো ধরনের সামরিক হামলার খবর নিশ্চিত করেনি। এর আগে ইরানকে কেন্দ্র করে চলা আট মাসের এই সংঘাতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বারবার হামলা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্স জানায়, কয়েক ঘণ্টা আগে এই অভিযান চালানো হয়। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে রাডার স্থাপনটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করে তাদের সামরিক শাখা।
শত্রুপক্ষকে বিমান উসকানি এবং হরমুজ প্রণালীতে তেল চোরাচালান বন্ধ করার বিষয়ে সতর্ক করে বিবৃতিটি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরুর পর তেহরানের সামরিক প্রতিক্রিয়ার মূল ধাক্কা সয়েছিল উপসাগরীয় দেশগুলো।
হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক চলাচল সীমিত করে দেয় ইরান। একই সঙ্গে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি অবকাঠামো এবং মিত্র দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক সম্পদসহ আঞ্চলিক অবকাঠামোগুলোতে লক্ষ্যবস্তু বানায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড গত মাসে জানায়, গত গ্রীষ্মকাল থেকে এই জ্বালানি করিডোরের মাধ্যমে উপসাগরীয় দেশগুলো থেকে দেড় শ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।
সংঘাতের শুরুতে ইরানি বন্দরগুলোতে অবরুদ্ধ করে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের বাণিজ্য ও আর্থিক লেনদেন সীমিত করতে গত আগস্টে একটি অর্থনৈতিক অবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন।
ইরানের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানের প্রতি জনগণের বিরোধিতার কারণে সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের জেরে, মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর নতুন সামরিক হামলার হুমকি থেকে সরে আসে ওয়াশিংটন।
