মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পেন্টাগন মধ্যপ্রাচ্যে একটি তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েন করতে যাচ্ছে।
এই পদক্ষেপের ফলে ওই অঞ্চলে নতুন করে নয় হাজার থেকে ১০ হাজার সেনা যুক্ত হবে বলে জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।
ওই কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধজাহাজ, ফাইটার জেট, মেরিন ও নাবিকরা আগামী নভেম্বর মাসের শেষের দিকে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছাবেন।
পত্রিকাটির প্রতিবেদন অনুসারে, ট্রাম্প সম্প্রতি তার সহযোগীদের বলেছেন যে তিনি ওই মাসেই ইরানের ওপর বোমা হামলা পুনরায় শুরু করার আশা করছেন।
নির্ধারিত সময়সূচির অংশ হিসেবে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট গত রবিবার স্যান ডিয়েগো বন্দর ত্যাগ করেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ইউএসএস ম্যাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিউরাস রেডি গ্রুপও রওনা দেয়।
এই গ্রুপটিতে তিনটি উভচর জাহাজ রয়েছে যা ত্রয়োদশ মেরিন এক্সপেডিশনারি ইউনিটের মেরিন সদস্যদের বহন করছে।
এরই মধ্যে দুটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।
রুজভেল্ট পৌঁছানোর পর যদি ওয়াশিংটন সেখানে থেকে যায়, তবে গত এপ্রিল মাসের পর প্রথমবারের মতো ওই অঞ্চলে তিনটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ একসঙ্গে অবস্থান করবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেও এমন সামরিক মোতায়েন দেখা গিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া লড়াই ওই চুক্তির মাধ্যমে সাময়িকভাবে বন্ধ হয়েছিল।
তবে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে মাঝে মাঝেই সংঘাত চলছে।
বুশ ও ওয়াশিংটন ছাড়াও ইউএসএস বক্সার অ্যাম্ফিবিউরাস রেডি গ্রুপের জাহাজগুলোও মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।
এক মার্কিন কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে রওনা হওয়া যুদ্ধজাহাজগুলোর অতিরিক্ত সদস্যরা ওই অঞ্চলে আগে থেকেই থাকা ৫০ হাজারেরও বেশি সেনার সঙ্গে যুক্ত হবেন।
অবশ্য ইউএসএস ওয়াশিংটন এখনো ওই অঞ্চল ত্যাগ করে জাপানে নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে পারে।
যদি তা ঘটে, তবে রণতরীর সংখ্যা আবার কমিয়ে দুটিতে নামিয়ে আনা হবে।
তবে এই সেনা ও সরঞ্জাম মোতায়েন সংক্রান্ত বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস এবং পেন্টাগনের মুখপাত্ররা কোনো সাড়া দেননি।
