শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালি সংঘাত

হরমুজ প্রণালির পূর্বে সামুদ্রিক মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২০, ২০২৬, ০৫:৩০ এএম

হরমুজ প্রণালির পূর্বে সামুদ্রিক মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালির পূর্বে সামুদ্রিক মাইনে ধাক্কা লেগে গত বৃহস্পতিবার দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জোড়া এই বিস্ফোরণের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইরানি নৌবাহিনী।

গত বৃহস্পতিবার দিনের প্রথমার্ধে প্রথম জাহাজটি একটি মাইনে ধাক্কা খায় এবং সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। এর কিছুক্ষণ পর একই ধরনের দুর্ঘটনার শিকার হয় দ্বিতীয় আরেকটি ট্যাংকার।

ইরানি নৌবাহিনী জানায়, দ্বিতীয় জাহাজটি নেভিগেশন সিস্টেম বা দিকনির্ণয় যন্ত্র বন্ধ রেখে একটি নিষিদ্ধ অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় মাইনের মুখোমুখি হয় এবং তাতে আগুন ধরে যায়।

ওই এলাকা দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজকে প্রবেশ করার আগে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার আহ্বান জানিয়েছে ইরানি সেনাবাহিনী। একই সঙ্গে জাহাজগুলোকে শুধুমাত্র নির্দিষ্ট সামুদ্রিক রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ জুলাই হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেয় তেহরান। গত ৮ জুলাই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরু করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তেহরানের নির্ধারিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহারকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি বৃহত্তর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ১৪০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

তেহরান জানিয়েছে, অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে বেশ কয়েকটি জলযান ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। এর জবাবে ইসরায়েল এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত লক্ষ্যগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান।

গত ১৮ জুলাই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচলের অধিকার নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে যায় এবং সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

banner
Link copied!