শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে জ্বালানি সংকট

ভেজাল পেট্রোলে অচল হচ্ছে গাড়ি, তলানিতে নামছে মানুষের আয়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২০, ২০২৬, ০১:৩০ পিএম

ভেজাল পেট্রোলে অচল হচ্ছে গাড়ি, তলানিতে নামছে মানুষের আয়

গাড়ির ইঞ্জিন কাঁপতে শুরু করায় এবং গতি কমে যাওয়ায় আড়াই ঘণ্টার স্বাভাবিক পথ পাড়ি দিতে ইয়াজানের সময় লেগেছিল ছয় ঘণ্টা। গন্তব্যে পৌঁছানোর আগে তাকে রাস্তায় বেশ কয়েকবার গাড়ি থামিয়ে বিশ্রাম নিতে হয়েছিল।

ইয়াজানের ধারণা, সানায় কেনা ভেজাল পেট্রোলের কারণেই এই বিপত্তি ঘটেছে, যেগুলোর সঙ্গে তেল ও নানা ধরনের অপদ্রব্য মেশানো ছিল। এই শহরের অন্যান্য চালকেরাও জ্বালানির চড়া দামের পাশাপাশি একই ধরনের গাড়ি নষ্ট হওয়ার কথা জানিয়েছেন।

ইয়াজান জানান, এই পেট্রোল তার গাড়িিসহ বহু যানবাহনে নানা ত্রুটি তৈরি করেছে। একদিকে চড়া দামে পেট্রোল কিনতে হচ্ছে, অন্যদিকে তা ইঞ্জিন নষ্ট করে দিচ্ছে।

খারাপ এই জ্বালানির মূল কারণ নিয়ে রয়েছে নানা বিতর্ক। ২০১৪ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথিদের পরিচালিত সানাভিত্তিক ইয়মেন পেট্রোলিয়াম কোম্পানি গত জুন মাসে এর জন্য হোদেইদাহর অপর্যাপ্ত জ্বালানি স্টোরেজ সুবিধাকে দায়ী করেছিল।

লোহিত সাগরে ও ইসরায়েলে হুথি হামলার জবাবে ২০২৪ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ওই বন্দরনগরী এবং কাছের রাস ইসা তেল টার্মিনালের স্টোরেজ ট্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, আগে এই ট্যাংকগুলোর মাধ্যমে বাজারে জ্বালানি পাঠানোর আগে তা থেকে অপদ্রব্য দূর করা সম্ভব হতো। সেই সুবিধাগুলো বন্ধ থাকায় এখন জ্বালানির মান মারাত্মকভাবে কমে গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই ব্যাখ্যার সঙ্গে একমত নন।

সানা সেন্টার ফর স্ট্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, জ্বালানি আমদানির ওপর নানা নিষেধাজ্ঞার কারণে হুথিরা আংশিকভাবে নিম্নমানের ইরানি জ্বালানি চালানের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

শিক্ষাবিদ মোহাম্মদ আনসি বলেন, এই সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কোনো ধরনের জবাবদিহিতা বা তদারকি ছাড়াই কেবল মুনাফা ও কমিশনের লোভে জ্বালানি চালান আনা হচ্ছে।

বিশ্বব্যাংকের তথ্যে দেখা গেছে, গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জ্বালানি আমদানি হুথি নিয়ন্ত্রিত বন্দরে ৭৩ শতাংশ এবং সরকার নিয়ন্ত্রিত বন্দরে ৬০ শতাংশ কমে গেছে।

হরমোজ প্রণালী দিয়ে তেল পাঠানোর ক্ষেত্রে যুদ্ধের প্রভাব এবং ইয়েমেনের বন্দরগুলোর ক্ষয়ক্ষতির কারণে মূলত এই পতন ঘটেছে। দশকের পর দশক ধরে চলা যুদ্ধের কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছে এই আর্থিক চাপ।

সানায় ২০ লিটার পেট্রোলের দাম ৯ হাজার ৫০০ ইয়েমেনি রিয়াল থেকে বেড়ে ১১ হাজার ৪০০ রিয়ালে দাঁড়িয়েছে, যা প্রায় ২০ শতাংশ বেশি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত তীব্র সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি ও মানুষের আয় হ্রাসের কারণ হয়েছে, যার ফলে জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন মানবিক সহায়তার জন্য মুখাপেক্ষী।

সানার একজন ট্যাক্সিচালক আকরাম নাজি ইঞ্জিনের অস্বাভাবিক শব্দ শুনে মইন এলাকার এক মেকানিকের কাছে যেতে বাধ্য হয়েছিলেন। মেকানিক দেখতে পান যে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেছে, ফুয়েল ইনজেক্টর বন্ধ এবং ইঞ্জিনের কার্যক্ষমতা কমে গেছে।

এই মেরামতের জন্য ৫৫ হাজার ইয়েমেনি রিয়াল বা প্রায় ১০০ মার্কিন ডলার খরচ হয়। নাজি জানান, এখানকার বহু ট্যাক্সিচালকের জন্য এই পরিমাণ অর্থ একসঙ্গে জোগাড় করা খুবই কঠিন।

পরিবারের দৈনন্দিন খরচ কমানোর পাশাপাশি ঘরের ভাড়াও তিনি পুরো পরিশোধ করতে পারেননি কেবল এই মেরামতের খরচ মেটানোর জন্য।

যান্ত্রিক প্রকৌশলী আলী বেইধানি ব্যাখ্যা করে বলেন, ইঞ্জিনে প্রবেশ করা তৈলাক্ত অপদ্রব্য দহন সিস্টেমে জমা হয় এবং উচ্চ তাপমাত্রায় আঠার মতো শক্ত হয়ে যায়।

এটি ভালভগুলোর ক্ষতি করে, ফুয়েল ইনজেক্টর বন্ধ করে দেয় এবং সম্পূর্ণ ইঞ্জিন নষ্ট করে দিতে পারে। এই প্রকৌশলীর মতে, মেরামতের খরচ মেটাতে চালকদের প্রায়ই ঋণ করতে হয় বা স্বর্ণের মতো মূল্যবান জিনিস বিক্রি করতে হয়।

তাইজ সেন্টার ফর ইয়েমেনি-গাল্ফ স্টাডিজের অর্থনৈতিক গবেষক ওয়াফিক সালেহ জানান, নিম্নমানের জ্বালানির বিস্তার সাধারণ মানুষের দুর্দশা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

তিনি দাবি করেন, ভেজাল পেট্রোল সরবরাহের সম্পূর্ণ দায় সানা করণিক কর্তৃপক্ষের। ট্যাক্সির আরও ক্ষতি এড়াতে নাজি এখন পাম্পে গিয়ে পেট্রোলের রঙ পরীক্ষা করে দেখেন।

banner
Link copied!