নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া শোকাহত মানুষদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ২৪ জন মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বায়েনসা রাজ্যের আইয়ামা ও উকুবিির মধ্যে যাতায়াতের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে নৌকাটি উল্টে যায়।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো ইজেকিয়েল শনিবার মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তল্লাশি অভিযান এখনো চলছে।
দক্ষিণ ইজাও জেলার ওইকোরোগহা ও ওতুয়ান এলাকার নদী সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীরা একটি দাফন অনুষ্ঠানে যাচ্ছিলেন।
শুক্রবার পানি থেকে দুটি শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন বেঁচে যাওয়া ব্যক্তি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এবং অন্য পাঁচজনকে রাজ্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক যাত্রীতালিকা প্রকাশ করেনি। তবে স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানিয়েছেন, নৌকাটিতে অন্তত ৩০০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকার ব্যবস্থাপককে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ডুবুরি ও জরুরি সেবাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। নাইজেরিয়ার নদীগুলোতে নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে। সাধারণত অতিরিক্ত যাত্রী বহন, নৌকার রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা নিয়ম না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
গত কয়েক মাসে দেশজুড়ে এমন মারাত্মক দুর্ঘটনা আরও ঘটেছে। গত আগস্ট মাসে সোকোটো রাজ্যে একটি নৌকা ডুবে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। এর আগে গত জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যে যাত্রী নেওয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল।
