রাশিয়ার একজন প্রতিরক্ষা কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ডেনমার্ক। কোহেপেনহেগেনের কাছে একটি কনসার্টে ইউক্রেনীয় এক র্যাপারকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোবোর্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। তিনি সাংবাদিকদের জানান, রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং তাকে আগামী সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাসমুসেন আরও জানান, রুশ নাগরিকদের জন্য শেঙ্গেন ভিসা স্থগিত করার বিষয়টি নিয়েও ডেনমার্ক সরকার চিন্তাভাবনা করছে।
কোপেনহেগেনের একটি উপশহরে কনসার্টে হামলার এই ষড়যন্ত্রের বিষয়ে তথ্য প্রকাশ করে ডেনমার্কের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা পেট। ডেনমার্কের সরকারি সম্প্রচারমাধ্যম ডিআর জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া শিল্পী কিয়েভস্টোনার ইউক্রেন ও আমেরিকা উভয় দেশেরই নাগরিকত্ব ভোগ করছেন।
পেট-এর প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, এই ঘটনাটি একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ডেনমার্কের মাটিতে রাশিয়ার এই ধরনের হত্যার চেষ্টা নজিরবিহীন এবং এটি মস্কোর ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাবেরই বহিঃপ্রকাশ।
গোয়েন্দা সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর কনসার্ট ভেন্যুর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ছুরিসহ একটি গাড়ি আটক করে নিরাপত্তা বাহিনী। ওই দিন সন্ধ্যায় নির্ধারিত ওই স্থানে র্যাপারের পরিবেশনা ছিল।
শুক্রবার কোপেনহেগেনের একটি আদালতে দুই ডেনীয় নাগরিককে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, পরিবেশনা শুরুর ঠিক পাঁচ মিনিট আগে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয় এবং তাদের মধ্যে একজন আগেই টিকিট কেটে রেখেছিলেন। ওই ঘটনার পর কনসার্টটি বাতিল করা হয়।
তদন্তকারীদের ধারণা, ২০২১ সাল থেকে ডেনমার্কে নিষিদ্ধ থাকা লয়্যাল টু ফ্যামিলিয়া নামের একটি অপরাধ চক্র রুশ গোয়েন্দাদের এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেছিল।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই ষড়যন্ত্রকে কোণঠাসা রাশিয়ার একটি বেপরোয়া পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি জানান, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো ইউক্রেনের প্রতি অবিচল সমর্থন অব্যাহত রাখা।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। তিনি রাশিয়ার যেকোনো ধরনের মিশ্র হামলার বিরুদ্ধে কোপেনহেগেনকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
এদিকে আনুষ্ঠানিক মাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন যে মস্কো এর উপযুক্ত জবাব দেবে।
অন্যদিকে কোপেনহেগেনের রুশ দূতাবাস এই বহিষ্কারাদেশকে প্রতিশোধমূলক বলে অভিহিত করেছে। তাদের দাবি, এই অপরাধের সঙ্গে মস্কোর কোনো সংযোগ রয়েছে এমন কোনো প্রমাণ ডেনমার্ক উপস্থাপন করতে পারেনি।
এর আগেও কোপেনহেগেনের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের গোপন হামলার অভিযোগ আনা হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে ড্রোন চলাচলের কারণে কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হওয়ার ঘটনাও এর অন্তর্ভুক্ত।
গত সেপ্টেম্বর মাসে গোয়েন্দা সংস্থা পেট জানায় যে ইউক্রেন-সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করতে ডেনীয় নাগরিকদের নিয়োগ করছে রাশিয়া।
