ইংল্যান্ডের বৃহত্তম হ্রদ উইন্ডারমেরে থেকে পয়োবর্জ্য দূরে সরিয়ে নেওয়ার জন্য একটি বিশাল নতুন সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা চলছে। লেক ডিস্ট্রিক্টে অবস্থিত এই জলাশয়টি দীর্ঘদিন ধরে ইউনাইটেড ইউটিলিটিসের বর্জ্য নিষ্কাশনের কারণে মারাত্মক মাত্রায় অপরিশোধিত মলমূত্র ও ব্যাকটেরিয়াজনিত দূষণের শিকার হয়ে আসছে।
পরিবেশকর্মীরা জানিয়েছেন যে এই দূষণের ফলে হ্রদে আরও ঘন ঘন বিষাক্ত নীল সবুজ শৈবালের প্রাদুর্ভাব ঘটছে। এমন দূষণের কারণে জনসাধারণকে হ্রদে সাঁতার কাটা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জলবায়ু সংকটের কারণে এই চ্যালেঞ্জগুলো আরও তীব্র আকার ধারণ করবে বলে মডেলিংয়ে দেখা গেছে এবং আগামী বছরগুলোতে এই অববাহিকায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা বর্জ্যপানি ব্যবস্থাপনার অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করবে।
পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে যে সুড়ঙ্গ নির্মাণকৌশল ব্যবহার করলে স্থানীয় জনগোষ্ঠীর ভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হবে। উইন্ডারমেরে হ্রদটি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে কবি, কথাসাহিত্যিক ও গীতিকারদের অনুপ্রাণিত করে আসছে। প্রতি বছর আনুমানিক এক কোটি ৭৭ লাখ মানুষ এই এলাকা পরিদর্শনে আসেন।
পরিশোধিত বর্জ্যপানি একসময় লিভেন নদী অথবা আলভারস্টনের আইরিশ সাগরে ফেলা হবে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে তিনশ ৬০ কোটি পাউন্ড। এই কাজের অর্থায়নে গ্রাহকদের পানির বিল বাড়াতে সরকারের কাছে অনুমতি চাইবে ইউনাইটেড ইউটিলিটিস।
প্রতিষ্ঠানটি জানিয়েছে যে এই কর্মসূচির ফলে ২০৩৫ সালে পানির বিলে প্রতি মাসে সর্বোচ্চ তিন দশমিক ১৭ পাউন্ড পর্যন্ত যোগ হতে পারে। এই উদ্যোগটি এখন একটি বিস্তারিত নকশা প্রণয়ন পর্যায়ে প্রবেশ করবে, যে সময়ে বিশেষজ্ঞরা নির্মাণের কারিগরি দিকগুলো নিয়ে কাজ করবেন। এই ধাপটি সম্পন্ন হতে দুই বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
এই প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করতে বিল বাড়ানোর অনুমতি পেলে সাত বছরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে ইউনাইটেড ইউটিলিটিস। প্রতিষ্ঠানটি এটিকে একটি স্থায়ী ও তাৎক্ষণিক প্রভাবসম্পন্ন সমাধান হিসেবে অভিহিত করেছে।
এই প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান সেভ উইন্ডারমেরে সংগঠনের কর্মী ম্যাট স্ট্যানিয়েক জানিয়েছেন যে সম্ভাব্যতা প্রতিবেদন তৈরিতে গত ১৫ মাস ধরে প্রতি সপ্তাহে বৈঠক করতে হয়েছে। স্ট্যানিয়েক গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে হ্রদে পয়োবর্জ্য ফেলা বন্ধ করার দাবি জানিয়ে আসছেন।
স্ট্যানিয়েক স্বীকার করেছেন যে দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করা নিয়ে প্রথমে তার মনে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে একমাত্র তারাই এই সমস্যার বাস্তব সমাধান করতে সক্ষম। তিনি বলেন যে হ্রদে পয়োবর্জ্য না ফেলা যে সম্ভব, তা আজ প্রমাণিত হয়েছে।
এই প্রকল্পের পরিকল্পনা করার সময় দলটি ফ্রান্সের হ্রদ আঁসির রূপান্তরের বিষয়টি বিবেচনা করেছিল, যা ইউরোপের অন্যতম পরিচ্ছন্ন হ্রদ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। গত পঞ্চাশের দশকে আঁসি হ্রদটিও একই ধরনের দূষণের মুখে পড়েছিল এবং পরবর্তীতে কর্তৃপক্ষ পয়োবর্জ্য নিষ্কাশন চিরতরে বন্ধ করতে দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করেছিল।
স্ট্যানিয়েক বলেন যে বিষয়টি এখন সম্পূর্ণ সরকারের ওপর নির্ভর করছে। পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং অ্যান্ডি বার্নাম হাতে কোদাল নিয়ে উইন্ডারমেরে তীরে দাঁড়িয়ে নির্মাণকাজের সূচনা ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন থামাবেন না।
