বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

লেবানন সংঘাত

রকেট বা ড্রোন হামলা হলে বৈরুতে আঘাত হানার হুঁশিয়ারি কাটসের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২১, ২০২৬, ১০:৩০ এএম

রকেট বা ড্রোন হামলা হলে বৈরুতে আঘাত হানার হুঁশিয়ারি কাটসের

ইসরায়েলকে লক্ষ্য করে কোনো রকেট বা ড্রোন হামলা চালানো হলে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপনগরীতে তীব্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটস জানান, ইরান পরিচালিত কোনো হামলায় হিজবুল্লাহ অংশ নিলে ইসরায়েল তাদের সামরিক দখলদারিত্ব নাবাতিয়াহ ও লিতানি অঞ্চল পর্যন্ত প্রসারিত করতে পারে।

তিনি সতর্ক করে বলেন, নতুনভাবে দখলকৃত এসব এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়া হবে এবং পরবর্তীতে ওই অঞ্চলগুলোকে ইসরায়েলের ঘোষিত নিরাপত্তা বলয়ের স্থায়ী অংশ হিসেবে যুক্ত করা হবে।

হিজবুল্লাহকে সারা দেশ থেকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবাননের দক্ষিণ দিক থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন এই মন্ত্রী।

কাটস দাবি করেন, ইসরায়েলি বাহিনী এরই মধ্যে লেবাননের ষাটের বেশি গ্রাম ধ্বংস করেছে যেখানে তেইশ হাজার বাড়িঘর ছিল এবং এসব এলাকা হিজবুল্লাহ সামরিক কাজে ব্যবহার করত।

তিনি আরও দাবি করেন, ইসরায়েল লেবাননের অভ্যন্তরে সাত শ বর্গকিলোমিটার এলাক জুড়ে একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং এসব সামরিক অভিযানের ফলে প্রায় দুই লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে লেবানন ও ইসরায়েলি সামরিক প্রতিনিধিদলের আলোচনার মধ্যেই এই কঠোর মন্তব্য করলেন তিনি।

উল্লেখ্য যে, গত দুই মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল যাতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন এবং সাড়ে পনেরো লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

গত ছাব্বিশ জুন যুক্তরাষ্ট্রর পৃষ্ঠপোষকতায় লেবানন ও ইসরায়েল একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করেছিল যার উদ্দেশ্য ছিল লেবাননের মাটি থেকে ইসরায়েলি বাহিনীর ক্রমান্বয়ে সরে যাওয়া, লেবানীয় সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহকে অস্ত্রহীন করা।

তবে এই চুক্তি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং দশকের পর দশক ধরে দখল করে রাখা অঞ্চলের পাশাপাশি সাম্প্রতিক যুদ্ধে দখলকৃত এলাকাগুলোতেও তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

banner
Link copied!