যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ওমানের সুলতান হাইথাম বিন তারিককে রাষ্ট্রীয় সফরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় উপসাগরীয় এই আরব মোনার্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ব্রিটিশ রাজা।
উইন্ডসর ক্যাসলে লাল পোশাকের সামরিক গার্ড অব অনার গ্রহণের মাধ্যমে এই তিন দিনের রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়। গত ৪৪ বছরের মধ্যে ওমানি কোনো সুলতানের এটিই প্রথম যুক্তরাজ্য সফর।
সফরের অংশ হিসেবে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে বক্তব্য রাখেন সুলতান হাইথাম বিন তারিক। তিনি জানান, সংঘাতপূর্ণ এই অঞ্চলে ওমান সবসময় কূটনীতির পথ বেছে নিয়েছে।
সুলতান প্রায় ১৬০ জন অতিথির সামনে বক্তব্যে বলেন, যে অঞ্চলে অনেক বেশি সংঘাত দেখা গেছে, ওমান সেখানে একটি ভিন্ন এবং স্বাধীন পথ বেছে নিয়েছে।
যুক্তরাজ্য এই যাত্রায় বন্ধু হিসেবে পাশে থেকেছে এবং এই দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করেছে বলে মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টার জন্য ওমানের প্রশংসা করেন রাজা চার্লস। একই সঙ্গে হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনে মাস্কাটের মহৎ উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
ভোজে দেওয়া বক্তব্যে রাজা চার্লস বলেন, এই অঞ্চলে যখন নতুন করে ব্যথা ও সংঘাতের পুনরাবৃত্তি ঘটছে, তখন সব পক্ষের কাছে বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে ওমানের অবিচল প্রতিশ্রুতির কথা তিনি বিশেষভাবে স্বীকার করতে চান।
ব্রিটিশ রাজা আরও বলেন, উপসাগরীয় অঞ্চলজুড়ে ওমানের ভূমিকা এবং তাদের গঠনমূলক নিরপেক্ষতা হরমুজ প্রণালীর সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলে এবং এটি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার যোগ্য।
ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালীর নিকটবর্তী এবং যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সামরিক মিত্র ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর থেকেই মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের বিপরীতে ওমান এই কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।
রাজকীয় এই নৈশভোজে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ছাড়াও শেল, বিপি ও এয়ারবাসের প্রধান নির্বাহী এবং রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সফরের দ্বিতীয় দিনে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী বার্নহামের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওমানের সুলতানের। বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
