সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যের কূটনীতি

মক্কা চুক্তি নিয়ে তেহরানে আলোচনা: সৌদি প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৬, ২০২৬, ০১:০০ পিএম

মক্কা চুক্তি নিয়ে তেহরানে আলোচনা: সৌদি প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কূটনৈতিক আলোচনার উদ্দেশ্যে তেহরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী। সোমবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ইরানের রাজধানীতে পৌঁছান প্রিন্স খালিদ বিন সালমান।

এই সফরে মক্কা চুক্তির অংশীদার দেশগুলোর প্রতিনিধি এবং ইরানি শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং বর্তমান সংকটের শান্তিপূর্ণ সমাধান খোঁজা এই বৈঠকের মূল লক্ষ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই সফরের কথা জানান সৌদি আরবের জনূটনীতি বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি। তিনি নিশ্চিত করেন যে তেহরানে প্রিন্স খালিদের সঙ্গে মিত্র দেশগুলোর বিশিষ্ট নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

সৌদি প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠকে অংশ নিচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন।

সফররত কর্মকর্তারা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রদূত ক্রিমলির ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা কমাতে মক্কা চুক্তিভুক্ত রাষ্ট্রগুলোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ এই কূটনৈতিক মিশন। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করার চেষ্টা চলছে।

কাতার ও পাকিস্তানের নেতৃত্বে চলমান মধ্যস্থতার প্রচেষ্টাকেও সমর্থন জোগাচ্ছে এই আলোচনা। সুসংহত কূটনৈতিক ধারার মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায় রিয়াদ ও তাদের অংশীদাররা।

কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণে মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর ভূমিকা এই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। স্থায়ী নিরাপত্তার লক্ষ্য অর্জনে অঞ্চলের সব পক্ষের সঙ্গে মিলে কাজ করতে আগ্রহী অংশগ্রহণকারী দেশগুলো।

banner
Link copied!