ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্তগুলো মেনে নিলেই কেবল কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব। এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত জলপথটি বন্ধই থাকবে।
ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাগচি আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যুক্তিসঙ্গত শর্তগুলো মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের আর কোনো পথ নেই।
তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন নিজেদের ভুল স্বীকার করে এবং পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করলে চলমান সংকটের সমাধান সম্ভব। অতীতের যুদ্ধগুলো প্রমাণ করেছে যে আঞ্চলিক নিরাপত্তা অঞ্চলের ভেতর থেকেই আসতে হবে। পাশাপাশি তিনি জানান, ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
তেহরানে একটি কাতারি প্রতিনিধিদলের সফর সম্পর্কে তাসনিমের এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, এ ধরনের সফর নিয়মিত বিষয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা বিভিন্ন প্রস্তাব ও ধারণা বিনিময়ের জন্য নিয়মিত যাতায়াত করেন।
প্রণালী বন্ধ রাখার বিষয়ে তাঁর অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে না। তবে ইরান সবসময় আলোচনার জন্য এবং নিজেদের রক্ষায় প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের ওপর আরোপিত অবরোধকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দেন আরাগচি। তিনি আঞ্চলিক আলোচনা ও মধ্যস্থতাকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে অবরোধ তুলে নেওয়ার একটি যৌক্তিক পথ বের করার আশাবাদ ব্যক্ত করেন।
আঞ্চলিক উত্তেজনা কমাতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। গত চার দিন আগে ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সর্বশেষ দফার পরামর্শ সম্পন্ন হয়েছে। বর্তমান সংবেদনশীল আঞ্চলিক পরিস্থিতিতে এই ঘনিষ্ঠ আলোচনা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্র নতুন করে দেশটিতে হামলা শুরু করার চার দিন পর গত ১২ জুলাই ইরান কৌশলগত এই প্রণালী পুনরায় বন্ধ করার পদক্ষেপ নেয়।
এদিকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামিক সহযোগিতা সংস্থার বা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি সভা আহ্বানের অনুরোধ জানিয়েছেন বলে জানান আরাগচি।
গাজার ঘটনাবলীকে এক ধরণের নীরব গণহত্যা হিসেবে বর্ণনা করে তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিরতিহীনভাবে ফিলিস্তিনিদের হত্যা করে যাওয়ার অভিযোগ তোলেন।
অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি নিশ্চিত করেছেন যে একটি কাতারি প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছে দুই ঘণ্টার বৈঠক করেছে। কূটনৈতিক পথ উন্মোচনের অংশ হিসেবে কাতারের সঙ্গে সরাসরি ও অনলাইনে আলোচনা অব্যাহত রয়েছে।
