২০২০ সালে কৃষ্ণাঙ্গ এক সংগীত প্রযোজককে মারধরের ঘটনায় শুক্রবার তিন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। পুলিশের বর্বরতার বিরুদ্ধে বিরল এক রায়ে প্যারিসের অপরাধ আদালত এই হামলায় বর্ণবাদী মোটিভ থাকার কথা স্বীকার করেছে।
শুক্রবার দেওয়া রায়ে আদালত ৪৭ বছর বয়সী ভুক্তভোগী মিশেল জেকলারের দেওয়া বিবরণকে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে। বিচারকরা মনে করেন, এই ঘটনায় বর্ণবাদ একটি ক্রমবর্ধমান অপরাধ হিসেবে যুক্ত ছিল।
ঘটনাটি নিয়ে পরিচালিত তদন্তে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা জেকলারের স্টুডিওর ভেতরে জোর করে ঢুকে তাকে মারধর করেন। ২০২০ সালের ২১ নভেম্বর কোভিড-১৯ মহামারীর সময় প্যারিসে নিজ স্টুডিওর বাইরে জেকলারের ওপর এই হামলা চালানো হয়।
জেকলার বাধ্যতামূলক মাস্ক পরেননি এবং তাদের একটি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করে অভিযুক্তরা হামলার পক্ষে সাফাই গায়। জেকলারের নিরাপত্তা ক্যামেরায় পুরো হামলাটি রেকর্ড হয়, যার ফলে তার মাথায় আঘাত লাগে, ঠোঁটে ও মাথার ত্বকে ক্ষত সৃষ্টি হয় এবং বাইসেপস টেন্ডন পুরোপুরি ছিঁড়ে যায়।
আদালত উল্লেখ করেছে, মারধরের পর হাতকড়া পরানোর সময় জেকলার এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলেছিলেন যে তাকে বর্ণবাদী গালিগালাজ করা হয়েছে। তিনি থানায় যাওয়ার পথে, হাসপাতালে এবং তার স্বজনদের কাছেও এই অভিযোগ বারবার করেছেন।
আদালত আরও জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা বর্ণবাদী গালিগালাজ ব্যবহারের অভিযোগ অস্বীকার করলেও তাদের তৈরি করা ভুয়া পুলিশ প্রতিবেদন তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। শুক্রবার এর আগেই ওই তিন কর্মকর্তা জেকলারের কাছে ক্ষমা চান এবং তাদের মধ্যে একজন কান্নায় ভেঙে পড়েন।
আদালত ২৯ বছর বয়সী অরেলিয়ান লাপারসোনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়, যার মধ্যে তিন বছর স্থগিত রাখা হয়েছে। ৫০ বছর বয়সী ফিলিপ টন্দোঁদুকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে সাড়ে তিন বছর স্থগিত রয়েছে।
৩৭ বছর বয়সী পিয়ের প্লান্তিয়েকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং এর মধ্যে চার বছর স্থগিত থাকে। তাকে জেলের বদলে পায়ে ইলেকট্রনিক ট্যাগ লাগিয়ে বাকি এক বছর সাজা খাটার নির্দেশ দেওয়া হয়।
আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় উপস্থিত জনতা জেকলারকে হাততালি দিয়ে সাধুবাদ জানান। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেকলারের আইনজীবী সের্শ মনি।
আইন তার নিজের গতিতে ন্যায়বিচার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন মনি। তিনি জানান, এই রায় একজন মানুষের হারানো মর্যাদা ফিরিয়ে দিয়েছে এবং তাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ করে দিয়েছে।
ফ্রান্সের ভুক্তভোগী ও গবেষকদের মতে, দেশটিতে পুলিশের সহিংসতা একটি কাঠামোগত সমস্যা, তবে পুলিশি বর্বরতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বেশ বিরল। দেশটির অধিকার প্রধানের গত বছরের একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে, আরব, কৃষ্ণাঙ্গ বা উত্তর আফ্রিকা অঞ্চলের বলে মনে হয় এমন তরুণরা সাধারণ মানুষের তুলনায় চার গুণ বেশি পুলিশি তল্লাশির শিকার হন।
