শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান সংঘাত

ব্লু নাইল রাজ্যে নিরাপত্তা ফেরাতে কাজ করছে সেনাবাহিনী: জানাল কর্তৃপক্ষ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২১, ২০২৬, ০২:০০ পিএম

ব্লু নাইল রাজ্যে নিরাপত্তা ফেরাতে কাজ করছে সেনাবাহিনী: জানাল কর্তৃপক্ষ

সুদানের ব্লু নাইল রাজ্যে আধা সামরিক বাহিনীর সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় সেনাবাহিনী কাজ করছে বলে গত শুক্রবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণের দাবি করেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস।

খোর মাক, সিটি ১০, সিটি ১১, সিনজা নাবাগ ও আল-তাকা গ্রামসহ ব্লু নাইলের পাঁচটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই এলাকাগুলো রাজ্যটির রাজধানী দামাজিন থেকে ৮০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। তবে এই নির্দিষ্ট দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেয়নি সামরিক বাহিনী।

ব্লু নাইল রাজ্য সরকারের মুখপাত্র সাইফ আল-নসর মিন আল্লাহ মাহমুদ জানান, স্থানীয় কর্তৃপক্ষ রাজ্যের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুদ্ধক্ষেত্রের বিভিন্ন খবরের পর জনগণের মানসিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহমুদ বলেন, নাগরিকদের ভয় ও আতঙ্ক আমরা বুঝতে পারি এবং যুদ্ধে জয়-পরাজয় বা অগ্রগতি-পিছু হটা থাকে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে চিত্র তুলে ধরা হচ্ছে বাস্তব পরিস্থিতি তেমন নয়।

তিনি দাবি করেন, মাঠপর্যায়ে এখনও উদ্যোগ সেনাবাহিনীর হাতেই রয়েছে। সশস্ত্র বাহিনী এখনও উদ্যোগ ধরে রেখেছে এবং নিরাপত্তা ফেরাতে সামনের সারিতে অবস্থান করছে উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকতে এবং স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত সেনাবহিনীর পাশে থাকার আহ্বান জানান।

সরকারি এই মুখপাত্রের ভাষ্যমতে, ব্লু নাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে এলাকা থেকে হটাতে সমন্বিতভাবে কাজ করছে। তাদের ইউনিটগুলো রাজ্যের রাজধানীর কাছাকাছি চলে এসেছে বলে অনলাইন মাধ্যমে ভুয়া খবর ও গুজব ছড়ানোর জন্য আধা সামরিক বাহিনীকে অভিযুক্ত করেন তিনি।

মাহমুদ জানান, সেনাবাহিনীর চতুর্থ ইনফ্যান্ট্রি ডিভিশন সম্মুখসারিতে থেকে আত্মত্যাগ করে চলেছে। এর আগে শুক্রবার গেইসানের স্থানীয় সরকার সিটি ১২-এর লড়াই প্রসঙ্গে জানায় যে সাম্প্রতিক ঘটনাগুলো কোনো পরাজয় নয়, বরং যুদ্ধক্ষেত্রের প্রচলিত কৌশলেরই অংশ।

স্থানীয় কর্মকর্তারা দাবি করেন, সামরিক বাহিনী যুদ্ধ পরিচালনা করছে এবং লড়াইয়ের সমাপ্তি টানতে নতুন অবস্থানে যাবে। এর চূড়ান্ত পরিণতি কেবল সময়ের ব্যাপার মাত্র। এর আগে বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সিটি ১২ ও ডেরেং এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল র্যাপিড সাপোর্ট ফোর্সেস।

একই দিনে ডেরেংয়ে একটি সামরিক অভিযান চালানোর কথা জানায় সেনাবাহিনী। ওই অভিযানে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ২৮টি যুদ্ধযান ধ্বংস এবং অপর ১৮টি যান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।

র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থের হামলার জেরে গত কয়েক দিন ধরে ব্লু নাইল রাজ্যে সামরিক উত্তেজনা চলছে। সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালে সেনাবাহিনী ও এই আধা সামরিক বাহিনীর মধ্যে দেশব্যাপী সার্বিক দ্বন্দ্ব শুরু হয়।

দেশজুড়ে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং সুদানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

banner
Link copied!