সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গাজায় ধ্বংসযজ্ঞ

ইসরায়েলি ড্রোন হামলায় বাস্তুচ্যুত শিবির ভস্মীভূত, গৃহহীন আট শতাধিক ফিলিস্তিনি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৬, ২০২৬, ০৪:০০ পিএম

ইসরায়েলি ড্রোন হামলায় বাস্তুচ্যুত শিবির ভস্মীভূত, গৃহহীন আট শতাধিক ফিলিস্তিনি

রবিবার সন্ধ্যায় শুজাইয়া মোড়ের কাছে অবস্থিত একটি বাস্তুচ্যুত শিবিরে কোয়াডকপ্টার ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একটি সরকারি বিবৃতির তথ্য অনুযায়ী, রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন তাঁবু ও লোকজনের ব্যক্তিগত সামগ্রীতে ছড়িয়ে পড়ে। দুই শতাধিক পরিবারের আটশতের বেশি ফিলিস্তিনি এই ঘটনায় তাদের শেষ আশ্রয়টুকু হারান। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই নারী, শিশু, প্রবীণ ও রোগী বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাঁবুতে আগুন লাগার ঘটনায় পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয়। তারা আবারও কঠিন পরিস্থিতির মধ্যে মাথা গোঁজার ঠাঁই ও কোনো বিকল্প সুরক্ষা ছাড়াই উন্মুক্ত আকাশের নিচে পড়তে বাধ্য হয়েছেন।

কর্তৃপক্ষ এই ঘটনাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং ধারাবাহিক উচ্ছেদের চলমান নীতির অংশ হিসেবে বর্ণনা করেছে। তারা এই হামলাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রণীত আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে এই হামলা।

গাজা উপজুড়ে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি হিসাব অনুযায়ী, মঙ্গলবারের ইসরায়েলি নেসেট নির্বাচনের আগে গাজায় সামরিক অভিযান আরও তীব্র করেছে দখলদার বাহিনী। গত শুক্রবার ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেজিয়ান মন্তব্য করেন যে ফিলিস্তিনিদের জীবনকে নির্বাচনি বৈতরণী পার হওয়ার তুরুপের তাস বানানো হয়েছে।

গত ২০২৫ সালের ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। এই চুক্তি সত্ত্বেও গোটা উপত্যকায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এসবের পরও অব্যাহত অভিযানে অন্তত ১ হাজার ৫৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৫ হাজার ৫৭৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই সংঘাতে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি আহত হয়েছেন। এছাড়া গাজা উপত্যকার প্রায় নব্বই শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

banner
Link copied!