সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্য কূটনীতি

ফিলিস্তিনের ন্যায়সংগত সমাধানের তাগিদ মিশরের প্রেসিডেন্ট ও জাতিসংঘ প্রধানের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৩০ পিএম

ফিলিস্তিনের ন্যায়সংগত সমাধানের তাগিদ মিশরের প্রেসিডেন্ট ও জাতিসংঘ প্রধানের

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে কায়রোতে বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিসরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং গাজার চলমান সংকট নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জাতিসংঘের ভূমিকা জোরদার করা এবং জাতিসংঘের সনদের কঠোর অনুসরণের মাধ্যমে বহুপক্ষীয় ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট আল সিসি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই সংস্থার কেন্দ্রীয় ভূমিকার প্রতি মিসরের সমর্থনের কথা তিনি পুনর্ব্যক্ত করেন এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসনে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বর্তমান আন্তর্জাতিক ভারসাম্য ফুটিয়ে তুলতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মিসরের এই নেতা। পাশাপাশি আফ্রিকান দেশগুলোর জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করার সঙ্গে সার্বিক সংস্কারের বিষয়ে কায়রোর প্রতিশ্রুতির কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

ফিলিস্তিন ইস্যু এবং একটি ন্যায়সংগত ও সামগ্রিক সমাধান অর্জনের প্রয়োজনীয়তার বিষয়ে সাহসী অবস্থান নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রশংসা করেন আল সিসি।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সুসংহত করতে মিসরের প্রচেষ্টাকে স্বাগত জানান জাতিসংঘ প্রধান। অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ সহজ করা এবং তা ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করায় তিনি কায়রোর প্রশংসা করেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত সমাধান ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব নয়। চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত এটিই মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় বিষয় হিসেবে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ প্রধান। গাজা ও পশ্চিম তীর উভয় অঞ্চলেই ফিলিস্তিনিদের ওপর চলা লঙ্ঘন বন্ধ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

দুই নেতার মধ্যকার আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টিও স্থান পায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিস্তার রোধে মিসরের প্রচেষ্টার প্রশংসা করেন গুতেরেস। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান অর্জনের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।

এছাড়াও হর্ন অব আফ্রিকা, সুদান এবং লিবিয়ার সংঘাত নিয়ে আলোচনা করেন দুই নেতা। আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ উপায়ে এসব সংকটের সমাধান করার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

নিরাপত্তা পরিষদসহ জাতিসংঘ ব্যবস্থার সার্বিক সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে নিজেদের অভিন্ন অবস্থান পুনর্ব্যক্ত করেন দুই নেতা। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার মতো আরও প্রতিনিধিত্বমূলক ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তারা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত করা এবং মিসরসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবেই কায়রোতে পৌঁছান জাতিসংঘ মহাসচিব।

banner
Link copied!