বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজায় সামরিক হামলা

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩০ এএম

গাজায় ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও পাঁচজন আহত

ইসরায়েলের সংসদীয় নির্বাচনের দিন গাজা উপত্যকাব্যাপী চালানো সামরিক হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-হাওজা সড়কে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৮ বছর বয়সী মাহমুদ সামি আল-হারশ নিহত হয়েছেন।

এদিকে দক্ষিণ গাজার রাফার আল-মাওয়াসি এলাকার আল-আলাম গোলচত্বরের কাছে ইসরায়েলি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হন। পরে চিকিৎসাকর্মীরা তার লাশ উদ্ধার করলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এর আগে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত ছয় বছরের শিশু তানি মোহাম্মদ সাঈদ শালালফেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া কিছুদিন আগে মধ্য গাজা সিটির আল-সাওরা সড়কে ইসরায়েলি হামলায় আহত আহমেদ ইয়াসিন বিসেইসোও আঘাতের কারণে মারা গেছেন।

অন্যদিকে বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, খান ইউনিসের উপকূলে ইসরায়েলি ড্রোনের নিক্ষিপ্ত বোমার স্প্রিন্টারে এক মৎস্যজীবী আহত হয়েছেন। কিজান রাশওয়ান এবং হামাদ সিটির পূর্বে পৃথক ঘটনায় ইসরায়েলি গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হন।

আল-আওদা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি বাহিনীর গুলিতে একটি শিশুসহ আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের কাছের সৈকতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কামান ও ভারী মেশিনগান থেকে গুলিবর্ষণ করেছে ইসরায়েলি নৌবাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এই সামরিক অভিযানের কারণে অবরুদ্ধ উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

গত ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

banner
Link copied!