শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

বসনিয়ায় ইতালীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ৩০, ২০২৬, ১০:৩০ এএম

বসনিয়ায় ইতালীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের একটি ইতালীয় সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ মহড়ার সময় বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন।

বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে ব্রকো অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

ইইউফোর জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার যা একটি রুটিন প্রশিক্ষণ পরিচালনা করছিল।

নিহতের পাশাপাশি এই দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।

শান্তিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে আহত সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সামরিক বিমানে থাকা প্রতিটি ব্যক্তি ইতালীয় নাগরিক বলে নিশ্চিত করেছে ইতালি সরকার।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে দুজন সেনা সদস্য এবং দুজন রেড ক্রস স্বেচ্ছাসেবী রয়েছেন।

এই ট্র্যাজেডির পর গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো।

এক বিবৃতিতে ক্রোসেত্তো বলেন, এই অপার শোকের মুহূর্তে আমার ভাবনা প্রথমে আমাদের নিহতদের পরিবারের প্রতি, যাদের প্রতি আমি আমার ব্যক্তিগত এবং সমগ্র প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।

দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে বসনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম।

ছবিগুলোতে একটি সমতল মাঠে উল্টে থাকা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

ব্রকো হাসপাতালের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, বিমানটি যখন নিচে পড়ে, তখন তাতে ১৫ জন আরোহী ছিলেন এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।

চিকিৎসার জন্য পরবর্তীতে বারোজন আহত ব্যক্তিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চতুর্থ একজন ব্যক্তি মারা যান বলে যোগ করেন ওই মুখপাত্র।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একটি পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলে জানিয়েছে ইইউফোর।

তথ্য যাচাই করার পর এবং উপযুক্ত সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন বর্তমানে বসনিয়ায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জন কর্মী মোতায়েন রেখেছে।

১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের অবসানের পর সেখানে যাওয়া ন্যাটোর পূর্ববর্তী শান্তিরক্ষা মিশনের অপারেশন দায়িত্ব নিয়ে ২০০৪ সাল থেকে দেশটি অবস্থান করছে এই বাহিনী।

তিন বছরের সংঘাতের অবসান ঘটানো ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকি করাই ইইউ মিশনের প্রধান দায়িত্ব।

banner
Link copied!