বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রেমিট্যান্স প্রবাহ

মিশরের প্রবাসী আয়: অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড ১৩ বিলিয়ন ডলার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১১, ২০২৬, ০৫:০০ পিএম

মিশরের প্রবাসী আয়: অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড ১৩ বিলিয়ন ডলার

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬/২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদেশে কর্মরত মিশরের নাগরিকদের পাঠানো রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড ১৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মিশরের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা হিসাব বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বৈদেশিক মুদ্রার এই প্রবাহ আগের বছরের একই সময়ের প্রায় ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়েছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড ৩৮ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছায়। আগের বছরের ঠিক একই সময়ে এই অঙ্ক ছিল ৩০ দশমিক ২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক ও মন্ত্রিসভার মিডিয়া সেন্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই প্রবৃদ্ধি রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক পুনরুদ্ধারের ফল, যা ২০২৫/২৬ অর্থবছরে ৪৭ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ৩৬ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা ২৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে ফিরে আসার কারণেই এই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে চালুকৃত বিনিময় হারের একীভূতকরণ এই পরিবর্তনে মূল ভূমিকা রেখেছে।

ওই নীতিগত পদক্ষেপের ফলে সরকারি বিনিময় হার এবং খোলা বাজারের হারের মধ্যকার ব্যবধান কমে আসে, যা প্রবাসীদের আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিত করে।

মিশরের বৈদেশিক মুদ্রার প্রধান উৎসগুলোর মধ্যে রেমিট্যান্স অন্যতম, যা দেশটির বৈদেশিক মুদ্রার তারল্য বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

রেমিট্যান্সের এই বর্ধিত প্রবাহ মিশরের বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষণীয় শক্তিশালীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের জুনের ৪৮ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে গত সেপ্টেম্বরে নিট আন্তর্জাতিক রিজার্ভ প্রায় ৫৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এই অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গত অক্টোবর মাসে মুডিস রেটিংস মিশরের সার্বভৌম ঋণমান সিএএওয়ান থেকে বাড়িয়ে বিথ্রি করে। তারা শক্তিশালী জনঅর্থায়ন, রাজস্ব আদায় বৃদ্ধি এবং সরকারি ঋণের বোঝা কমানোয় সংস্কারের বিষয়গুলো তুলে ধরে।

ঋণগ্রহণের ব্যয় ও ঋণের চাপ হ্রাসের আশার প্রতিফলন ঘটিয়ে আন্তর্জাতিক এই রেটিং সংস্থা দেশটির অর্থনীতির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ইতিবাচক রেখেছে।

banner
Link copied!