বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সুদান আদালত রায়

সুদান আদালতের রায়: হেমেদির মৃত্যুদণ্ড ও সম্পদের বাজেয়াপ্ত ঘোষণা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৮, ২০২৬, ০৮:০১ পিএম

সুদান আদালতের রায়: হেমেদির মৃত্যুদণ্ড ও সম্পদের বাজেয়াপ্ত ঘোষণা

পোর্ট সুদানের একটি বিশেষ আদালত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো যিনি হেমেদি নামে পরিচিত এবং অন্য ১৩ জন আসামিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আল-মাশহাদ আল-সুদানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে সন্ত্রাসবিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন হেমেদি, তাঁর দুই ভাই আবদেল রহিম ও আল-কোনি দাগালো এবং আরও ১১ জন ব্যক্তি। জাতীয় মেডিকেল সরবরাহ তহবিলের মালিকানাধীন ভবন, গুদাম ও অন্যান্য স্থাপনা লুটপাট এবং ধ্বংস করার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন।

বিচারকরা আসামিদের এই তহবিলের প্রায় ৩৯ কোটি ৬০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দণ্ডিতদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেককে ১৬ কোটি ৬০ লাখ সুদানি পাউন্ড জরিমানা করা হয়েছে।

সুদানের খার্তুম, আল জাজিরা, সেন্নার, কর্ডোফান ও দারফুরসহ বিভিন্ন অঞ্চলে মেডিকেল অবকাঠামো ধ্বংসের অভিযোগ বিচারিক কার্যক্রমে খতিয়ে দেখা হয়েছে। আদালত ১৪ জন আসামির সবার নাগরিকত্ব ও পাসপোর্ট বাতিল করারও সুপারিশ করেছেন।

এর আগে একই আদালত গত বছরের জুনে পশ্চিম দারফুরের সাবেক গভর্নর খামিস আবদুল্লাহ আবকার হত্যার মামলায় হেমেদি ও অন্য ১৫ জনকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছিল। গত ১২ জুলাইয়ের সেই রায়ে আদালত আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়।

পশ্চিম দারফুরের রাজধানী এল জেনিনায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য আধাসামরিক বাহিনীকে অভিযুক্ত করার পরপরই ২০২৩ সালের ১৪ জুন আবকার নিহত হন। সরকার তখন আরএসএফের বিরুদ্ধে গভর্নরকে হত্যা ও তাঁর মৃতদেহ বিকৃত করার অভিযোগ তুলেছিল এবং আধাসামরিক বাহিনী সেই অভিযোগ অস্বীকার করেছিল।

নিয়মিত সামরিক বাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনীকে একীভূত করার পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে ২০২৩ সালের ১৫ এপ্রিল শুরু হওয়া সংঘাতে সুদান গভীর সংকটের মুখে পড়ে।

এই যুদ্ধের ফলে দেশজুড়ে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে যে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে সুদানে দুই হাজার ২৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক হাজার ৬৩০ জনেরও বেশি মানুষ।

চলমান এই সংঘাত দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি করেছে। লাখ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্য সংকট, ওষুধের অভাব এবং মৌলিক সেবার ঘাটতির মুখোমুখি হচ্ছেন।

banner
Link copied!