সৌদি আরব তাদের কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় ন্যূনতম সমর্থিত মজুরি প্রতি মাসে ৫ হাজার রিয়ালে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২৭ সালের ২৫ এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর হবে।
সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়, স্থানীয় মেধার বিকাশ ঘটাতে, চাকরির মান উন্নত করতে এবং সৌদি নাগরিকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে মানবসম্পদ উন্নয়ন তহবিল এই পরিবর্তন এনেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই নীতি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌদি নাগরিক নিয়োগে উৎসাহিত করবে। এর ফলে পুরুষ ও নারী উভয় কর্মীর অংশগ্রহণ বাড়বে এবং অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জিত হবে।
এই সংস্কার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মন্ত্রণালয় নিতাকাত সৌদায়ন ব্যবস্থার আওতায় সৌদি কর্মসংস্থান গণনার জন্য ন্যূনতম মজুরির সীমা বাড়াচ্ছে।
সৌদি আরবের এই নীতিটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের জাতীয় কোটা পালনের ওপর ভিত্তি করে শ্রেণিবদ্ধ করে থাকে।
তহবিল কর্তৃপক্ষ একটি দুই ধাপের সময়সূচির কথা জানিয়েছে। প্রথম ধাপ শুরু হবে ২০২৭ সালের ২৫ এপ্রিল, যেখানে নতুন আবেদনকারীদের জন্য ন্যূনতম সমর্থিত মজুরি মাসিক ৪ হাজার রিয়াল থেকে বাড়িয়ে ৫ হাজার রিয়াল করা হবে।
এই প্রথম ধাপটি বিদ্যমান সহায়তা আবেদনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যার সূচনা হবে ২০২৭ সালের মে মাসের পেমেন্ট থেকে।
দ্বিতীয় ধাপটি কার্যকর হবে ২০২৮ সালের ২৫ এপ্রিল। এই ধাপে নতুন আবেদনকারীদের জন্য মাসিক হার ৬ হাজার রিয়ালে উন্নীত করা হবে।
বিদ্যমান আবেদনগুলো ২০২৮ সালের মে মাস থেকে এই উচ্চ হারে রূপান্তরিত হবে।
তহবিল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা যোগ্য সৌদি কর্মীদের বেতনের বিপরীতে আর্থিক অবদান অব্যাহত রাখবে। তারা মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বহন করবে, যার মাসিক সর্বোচ্চ সীমা ৩ হাজার রিয়াল।
নিয়োগকর্তা এবং সুবিধাভোগীরা যোগ্যতার মানদণ্ড দেখতে এবং বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারবেন।
