বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়া সংযুক্ত আরব আমিরাত

সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ: আমিরাতের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৮, ২০২৬, ০৮:৩১ পিএম

সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ: আমিরাতের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি

সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অব্যাহত হস্তক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কার্যক্রম সোমালিয়ার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি।

জাতিসংঘের চার্টার ও আন্তর্জাতিক আইন মেনে কেবল ফেডারেল সরকারের মাধ্যমেই সব দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার জন্য আবুধাবির প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমালিয়ার পররাষ্ট্র নীতির একমাত্র কর্তৃপক্ষ ফেডারেল সরকারকে এড়িয়ে কোনো ধরনের বিদেশি সম্পৃক্ততা বা সমান্তরাল নিরাপত্তা ব্যবস্থা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির সরকার।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে এই অসন্তোষ কেবল সংযুক্ত আরব আমিরাত সরকারের নীতির বিরুদ্ধে। একই সঙ্গে সোমালি ও আমিরাতি জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথাও স্বীকার করেছে মন্ত্রণালয়।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণের পরই এই কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।

মোহামুদ অভিযোগ করেন যে ফেডারেল সরকারের অনুমোদন ছাড়াই সোমালিয়ার বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করেছে আবুধাবি এবং জাতীয় নিরাপত্তা কাঠামোর বাইরে সশস্ত্র বাহিনী পরিচালনা করছে।

চলতি বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে মোগাদিসু এবং আমিরাতের সামরিক ও কার্গো বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের নীতির ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তার প্রশাসনের সদিচ্ছার কথা আবারও ব্যক্ত করেন প্রেসিডেন্ট মোহামুদ।

মোগাদিসু ও আবুধাবির কূটনৈতিক সম্পর্কে অতীতেও টানাপোড়েন ও সমঝোতার পালাবদল ঘটেছে এবং গত জানুয়ারি থেকে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের জেরে তা আরও তীব্র আকার ধারণ করেছে।

এর আগে ২০১৮ সালে মোগাদিসু বিমানবন্দরে একটি আমিরাতি বিমান থেকে ৯৬ লাখ ডলার জব্দের ঘটনা ঘটেছিল এবং সেটিকে বেআইনি ঘোষণা করে আবুধাবি। সোমালি সেনা ও প্রশিক্ষণার্থীদের সহায়তার জন্যই ওই অর্থ বরাদ্দ করা হয়েছিল বলে দাবি করে আমিরাত এবং কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করে তাদের সামরিক প্রশিক্ষণ মিশন স্থগিত করে।

banner
Link copied!