সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজি বন্দর হামলা

সন্দেহজনক ড্রোন হামলায় লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২৩, ২০২৬, ০৫:৩০ এএম

সন্দেহজনক ড্রোন হামলায় লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডুবি

লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে রবিবার ভোরে সন্দেহজনক ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনার ফলে রাতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজটি পানিতে তলিয়ে যায়।

হামলায় রুশ নৌবাহিনীর কর্ভেট মার্কুরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় সরকারের লিবিয়ান কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি সেখানে যাত্রাবিরতি করেছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে অন্তত চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হলেও দুটি সরাসরি যুদ্ধজাহাজে আঘাত হানে এবং বিস্ফোরণ ঘটায় বলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপগ্রহ চিত্রে দেখা গেছে, দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলেরও বেশি দূরে ভূমধ্যসাগরে হামলার পর মার্কুরি জাহাজটি ডুবে গেছে। এর মাধ্যমে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের ভৌগোলিক বিস্তার আরও প্রসারিত হলো।

এর কয়েক ঘণ্টা পর সামরিক সরঞ্জাম বহনকারী রাশিয়ার সঙ্গে যুক্ত আসকালন নামের একটি কার্গো জাহাজ বেনগাজি উপকূলের কাছে সামুদ্রিক ড্রোনের শিকার হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন সরাসরি জাহাজটির এক প্রান্তে আঘাত হানছে এবং তাতে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটছে।

লিবিয়ার নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামান্য আঘাত পাওয়া কিছু নাবিকের অবস্থা স্থিতিশীল রয়েছে, যদিও আহতদের মোট সংখ্যা এবং তাদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বেনগাজি শহরটি জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এই বাহিনী লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে এবং দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এই হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়্যারহাউসসহ বন্দর ও নৌঘাঁটির সুবিধাসমূহ নিরাপদ আছে এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

তারা এই সন্দেহজনক হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

লিবিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার কোনো বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে হিসাব নিকাশ চুকানোর বা আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র বানাতে দেবে না লিবিয়া সরকার।

রাশিয়ার জাহাজগুলো নিয়মিতভাবে এই বন্দর ব্যবহার করে আসছে। আফ্রিকায় রুশ ভাড়াটে বাহিনীকে রসদ সরবরাহ করতে এবং ভূমধ্যসাগরে একটি ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য ক্রেমলিনের কাছে এই বন্দরের সামরিক গুরুত্ব ক্রমেই বাড়ছে।

banner
Link copied!