দখলকৃত পশ্চিম তীরে ২৬ ডুনামের বেশি ফিলিস্তিনি ভূমি জব্দ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রামাল্লার উত্তরাংশে অবস্থিত তিনটি এলাকা এই দখলের শিকার হয়েছে।
গত মঙ্গলবার ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক বিবৃতিতে এই সামরিক আদেশের বিস্তারিত তুলে ধরে। গত ২৮ অক্টোবর ওই সামরিক আদেশ জারি করা হয়েছিল।
এই আদেশের মাধ্যমে ২৬ দশমিক ৪৭৩ ডুনাম বা ৬ দশমিক ৫৪ একর জমিটার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। চিহ্নিত এই ভূমি দেইর নিজাম, উম্ম সাফা ও আতারা গ্রামের সীমানার মধ্যে অবস্থিত।
সামরিক প্রয়োজনের কথা বলে এই ভূমি দখলের পক্ষে সাফাই গেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে কমিশন জানিয়েছে, এই সম্পত্তি মূলত আতারেত থেকে নেভ সুফ জরুরি অক্ষ নামের একটি সড়ক তৈরির জন্য নির্ধারণ করা হয়েছে।
এ অঞ্চলের ইসরায়েলি বসতিগুলোকে সংযুক্ত করতেই এই সড়কটি তৈরি করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই রুটটি আতারেত ও হালামিশের আশপাশের অবৈধ বসতি ও আউটপোস্টগুলোর মধ্যকার যোগাযোগ আরও জোরদার করবে।
এই প্রকল্পের কারণে ফিলিস্তিনি ভূস্বামীদের যাতায়াত আরও সীমিত হয়ে পড়তে পারে। কারণ তারা তাদের নিকটবর্তী জমিতে পৌঁছানোর চেষ্টা করার সময় নানা বাধার মুখে পড়বেন।
সংযুক্ত মানচিত্র অনুযায়ী এই আদেশের ফলে নির্দিষ্ট রুটের ওপর একচেটিয়া দখলত্ব পাবে ইসরায়েলি সামরিক বাহিনী। এই নির্দেশিকা ২০২৮ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
জব্দ করা এলাকার প্রায় ৫ দশমিক ৮৯১ ডুনাম বা ২২ দশমিক ৩ শতাংশ ভূমিকে সরকারি জমি হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বাকি ২০ দশমিক ৫৩০ ডুনামের বেশি ভূমি এই শ্রেণির বাইরে অবস্থিত।
কমিশন জানিয়েছে, এই সামরিক আদেশটি আনুষ্ঠানিক মালিকানা হস্তান্তরের পরিবর্তে সাময়িক দখলের কথা বলছে। তবে বসতি অবকাঠামোর জন্য এই ভূমি ব্যবহারের ফলে ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দখলকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ভূমি দখলের জন্য সামরিক বাজেয়াপ্ত করার আদেশ হরহামেশাই ব্যবহার করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে গণ্য করে জাতিসংঘ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, এই বসতিগুলোর কোনো আইনি বৈধতা নেই। আন্তর্জাতিক বিচার আদালত ২০২৪ সালের জুলাই মাসে এক পরমর্শদাতা মতামতে জানিয়েছে, ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারি অবৈধ এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি অবিলম্বে গুটিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
