শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গাজায় প্রাণহানি

গাজায় হামলা অব্যাহত: নতুন দুই মৃত্যুর মধ্যে মেডিকেল শিক্ষার্থী

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৬, ২০২৬, ০৫:৩০ পিএম

গাজায় হামলা অব্যাহত: নতুন দুই মৃত্যুর মধ্যে মেডিকেল শিক্ষার্থী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগের দফার হামলায় গুরুতর আহত দুই ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসাসূত্র এই মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।

কয়েক দিন আগে আল-শাতি শরণার্থী শিবিরের আল-ব্লাখিয়া এলাকায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গাজা সিটিতে চালানো এক হামলায় আহত সারা আবু জিয়াবও মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সারা আবু জিয়াব ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। গত অক্টোবরের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলের রাফার উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা আল-মাওয়াসির দিকে তীব্র গুলিবর্ষণ করে।

মাঠপর্যায়ের প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের সময় কিছু গুলি বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের আশ্রয় নেওয়া তাঁবুগুলোর ওপর এসে পড়ে। যুদ্ধবিরতি চুক্তি বলবৎ থাকার পরও এমন ঘটনা ঘটছে।

উল্লেখ্য, গাজায় ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে সেই তারিখ থেকেই স্থানীয় কর্তৃপক্ষ অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৫ হাজার ৭৯৯ জন মানুষ।

এদিকে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই ব্যাপক সংঘাত উপত্যকাজুড়ে চরম ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে। এই দীর্ঘ সংঘাতে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

চিকিৎসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই সামরিক অভিযানের ফলে পুরো অঞ্চলের বিপুল পরিমাণ বেসামরিক অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে।

banner
Link copied!