মধ্য গাজা উপত্যকায় একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এই অভিযান শুরু হয়।
অভিযানটি নির্দিষ্ট হলুদ রেখার কাছাকাছি এলাকায় পরিচালিত হচ্ছে। বিশেষ করে ৬৬০, ১৯৬১ এবং ৬৬৬ নম্বর ব্লকগুলো এর আওতাভুক্ত।
ফিলিস্তিনি ভূখণ্ডে সরকারের কার্যক্রম সমন্বয়কারী সংস্থা বা কোয়াগাট ফেসবুক পেজে এক ঘোষণায় এই হামলার কথা জানায়।
ইসরায়েলি সেনাবাহিনী তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান শুরু করেছে বলে কোয়াগাট উল্লেখ করে।
অভিযান চলাকালীন নির্দিষ্ট ব্লকগুলোতে সালাহউদ্দিন সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনা মুখপাত্রের পক্ষ থেকে অভিযান শেষের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফিলিস্তিনিদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কোয়াগাট।
অভিধানের ধরন বা সম্ভাব্য স্থায়িত্ব সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ওই দপ্তর।
উল্লেখ্য, ছিটমহলটিতে ইসরায়েলি গণহত্যা বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে গত ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
ওই পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী গাজার অভ্যন্তরে হলুদ রেখা হিসেবে পরিচিত এলাকায় পিছু হটেছিল।
বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা দখল করে রেখেছে ইসরায়েল। অন্যদিকে বেশিরভাগ ফিলিস্তিনি ইসরায়েলি নিয়ন্ত্রित এলাকার বাইরের অঞ্চলে অবস্থান করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি লঙ্ঘন ও হামলায় ১,৬৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একই সময়ে আহত হয়েছেন আরও ৫,৯৭৫ জন ফিলিস্তিনি।
গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৭৪,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭৬,০০০ এর অধিক আহত হয়েছেন।
নিহত ও আহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, অবরুদ্ধ এই উপত্যকা পুনর্নির্মাণে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।
