মেরিল্যান্ডের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন যে, আগামী জানুয়ারি মাসে ডেমোক্রেটরা কক্ষটির নিয়ন্ত্রণ ফিরে পেলে তিনি সিনেট মেজরিটি লিডার পদের জন্য চাক শুমারের বিরুদ্ধে লড়বেন।
আসন্ন এই প্রতিদ্বন্দ্বিতায় প্রগতিশীল ধারার ভ্যান হোলেন মুখোমুখি হচ্ছেন মধ্যপন্থী শুমারের। বিগত কয়েক দশকের মধ্যে এটি ডেমোক্রেটিক নেতার প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভ্যান হোলেন জানান, এই নির্বাচনে মার্কিন জনগণ পরিবর্তনের ডাক দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক নীতির পরিবর্তন তো বটেই, তার চেয়েও বড় কথা হলো সাধারণ মানুষের জন্য কাজ করছে না এমন প্রচলিত ব্যবস্থার পরিবর্তন চেয়েছে তারা।
ভ্যান হোলেন আরও বলেন, এই মুহূর্তের দাবি মেটানোর দায়িত্ব এখন আমাদের ওপর এবং তা করতে হলে নতুন নেতৃত্ব প্রয়োজন। এটি কোনো ব্যক্তিবিশেষের বিষয় নয়, বরং মার্কিন জনগণের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়। এজন্যই আমি সিনেট মেজরিটি লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।
এর ঠিক এক মিনিট না যেতেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান শুমার। শুমার লেখেন, আমাদের ককাসের ভবিষ্যৎ এবং সামনের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে যেকোনো আলোচনাকে আমি স্বাগত জানাই।
শুমার আরও উল্লেখ করেন, আমরা একসঙ্গে যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত। পঞ্চান্নটি আসন এবং আরও আসছে যা একটি অসাধারণ ফলাফল এবং ডেমোক্রেটিক নেতা হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ভোট আমার রয়েছে। নতুন ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্ব দিতে এবং মার্কিন জনগণের প্রত্যাশা পূরণে আমি মুখিয়ে আছি।
ভ্যান হোলেনের এই প্রতিদ্বন্দ্বিতা ঘোষণার আগে তিনি এমন একটি প্রার্থিতার কথা বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শুমার দাবি করেছিলেন যে জয়ের জন্য প্রয়োজনীয় সমর্থন তার রয়েছে এবং তিনি জিতবেন।
আগামী ডিসেম্বরের শুরুর দিকে রুদ্ধদ্বার ও গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুমারকে পুনরায় নেতা নির্বাচিত করা হবে কি না, তা নিয়ে ককাসে বিভক্তি দেখা দিয়েছে এবং অনেক সিনেটরই প্রকাশ্যে বলবেন না যে তারা কাকে ভোট দেবেন। নির্বাচন থেকে ঠিক কী বার্তা নেওয়া উচিত, তা নিয়ে সিনেটররা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
শুমার দলের অনেক বিজয়ী প্রার্থীকে দলভুক্ত করেছিলেন এবং তাদের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। তবে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদের মতো কিছু বিজয়ী প্রার্থী শুরুতে শুমারের সমর্থন পাননি।
নির্বাচনের পর থেকেই ২০২৭ সালের জন্য একটি কর্মপন্থা নির্ধারণের বিষয়ে ডেমোক্রেটিক সিনেটরদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন শুমার।
