দক্ষিণ আফ্রিকার ৩১ বছর বয়সী রাগবি তারকা হায়রন অ্যান্ড্রুজের মৃত্যুর কারণ নিশ্চিত করেছে ময়নাতদন্ত প্রতিবেদন। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের প্রধান ধমনী বা অ্যাওর্টা ফেটে গিয়ে রক্ত সংলগ্ন পেশির থলিতে ছড়িয়ে পড়ায় স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।
গত শনিবার ফ্রান্সে চ্যাম্পিয়ন্স কাপের একটি ম্যাচ শুরুর আগে নতুন দল জোহানেসবার্গভিত্তিক লায়ন্সের হোটেলের শাওয়ার কিউবিকল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন যে তিনি হঠাৎ পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন, কিংবা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অথবা রক্তনালীর অস্বাভাবিক স্ফীতি বা অ্যানিউরিজম ফেটে যাওয়ার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সম্পন্ন হওয়া ময়নাতদন্তে দেখা যায়, হৃদযন্ত্র থেকে শরীরের বাকি অংশে রক্ত সঞ্চালনকারী প্রধান ধমনী অ্যাওর্টা ছিঁড়ে যায়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি একটি অত্যন্ত বিরল ও প্রাণঘাতী শারীরিক সংকট, যা সচরাচর অজ্ঞাত উচ্চ রক্তচাপ কিংবা জন্মগত ত্রুটির কারণে হতে পারে।
প্রয়াত এই রাগবি খেলোয়াড়ের মরদেহ এখনো ফ্রান্সে রয়েছে এবং তা নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
অ্যান্ড্রুজের স্ত্রী মেলিন এবং তাদের দুই শিশুপুত্র রয়েছে। লায়ন্স দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মরদেহ স্বদেশে ফিরিয়ে আনার জটিল প্রক্রিয়ার এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সম্মান, গোপনীয়তা ও ধৈর্য প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সতীর্থের আকস্মিক বিয়োগের শোকের মধ্যেই শনিবার লা রোশেলের বিপক্ষে মাঠে নামে লায়ন্স দল। মার্সেল ডেফলান্দ্রে স্টেডিয়ামে প্রবেশের সময় স্বাগতিক দর্শকরা লায়ন্স খেলোয়াড়দের করতালি দিয়ে শ্রদ্ধা জানান। ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের সময় খেলোয়াড়দের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
ইংলিশ ক্লাব সেলের হয়ে আড়াই মৌসুম খেলেছেন এই খেলোয়াড়। সেলের রাগবি পরিচালক অ্যালেক্স স্যান্ডারসন স্মৃতিচারণ করে জানান, ক্লাবের প্রত্যেকেই হায়রনের সঙ্গে খেলতে এবং তার সান্নিধ্যে থাকতে ভালোবাসতেন।
