মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

চার্জিং ক্যাবল নষ্ট হওয়ার আসল কারণ ও প্রতিকার

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ৫, ২০২৬, ০৪:৩১ পিএম

চার্জিং ক্যাবল নষ্ট হওয়ার আসল কারণ ও প্রতিকার

স্মার্টফোনের ব্যাটারি কমে এলে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটির খোঁজ করি সেটি হলো চার্জিং ক্যাবল। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যবহারের কয়েক মাসের মধ্যেই এই দামী ক্যাবলগুলো অকেজো হয়ে পড়ছে। আমরা প্রায়ই এর জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দোষারোপ করি, কিন্তু আসল সত্য হলো আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসই এই ক্যাবলগুলো নষ্ট হওয়ার মূল কারণ। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা মাইকেল পেচট এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে আমাদের ছোটখাটো কিছু অবহেলাই এই দামী যন্ত্রাংশগুলোর আয়ু কমিয়ে দিচ্ছে।

এখানে একটি মজার বিষয় হলো আমাদের দীর্ঘদিনের একটি ভুল ধারণা। আমরা অনেকেই বিশ্বাস করি যে চার্জিং ক্যাবলগুলো যদি খুব শক্ত করে পেঁচিয়ে রাখা হয় তবে ভেতরের তার ছিঁড়ে যেতে পারে। কিন্তু মাইকেল পেচট এবং তার দল ইউএসবি ক্যাবলগুলোকে এক্স-রে করে পরীক্ষা করে দেখেছেন যে গোল করে বা যেভাবে ইচ্ছা পেঁচিয়ে রাখলে আসলে ক্যাবল নষ্ট হয় না। বরং ক্যাবল নষ্ট হওয়ার আসল জায়গা হলো ঠিক যেখানে তারটি প্লাগের সাথে যুক্ত থাকে। এই জয়েন্ট বা সংযোগস্থলটিই হলো ক্যাবলের সবচেয়ে দুর্বল অংশ যা আমাদের ভুল ব্যবহারের কারণে দ্রুত ভেঙে যায়।

আইফিক্সিট (iFixit) এর সহ-প্রতিষ্ঠাতা কাইল উইনস মনে করেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যাদের একদল ক্যাবল ধ্বংস করে এবং অন্য দল করে না। তিনি ব্যাখ্যা করেছেন যে আপনার ক্যাবলের ভেতরে অনেকগুলো ছোট ছোট ধাতব তার থাকে যা ইনসুলেশন দিয়ে ঢাকা থাকে। যখন আপনি ফোনে চার্জ দেওয়া অবস্থায় গেম খেলেন বা বিছানায় শুয়ে ফোন ব্যবহার করেন তখন ক্যাবলটি প্লাগের সাথে খুব ত্যাড়ছা বা বাঁকা অবস্থায় থাকে। এই অতিরিক্ত চাপ বা প্রসারণ ক্যাবলের ভেতরের পরমাণু স্তরের বন্ধনগুলোকে দুর্বল করে দেয়। ফলে ধাতব তারগুলো ভেতর থেকে ছিঁড়ে যায় এবং চার্জ দেওয়া বন্ধ হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে আমাদের আরেকটি বড় ভুল অভ্যাস হলো ক্যাবল খোলার সময় প্লাগের মাথা না ধরে লম্বা তার ধরে টেনে খোলা। আপনি যখন প্লাগ বা কানেক্টর না ধরে তার ধরে টান দেন তখন সেই সংযোগস্থলে অতিরিক্ত চাপ পড়ে যা ক্যাবলটির দ্রুত মৃত্যু ঘটাতে পারে। এছাড়া অনেকেই গাড়ির কাপ হোল্ডারে ফোন রেখে চার্জ দেন যেখানে ফোনের পুরো ওজনটাই ক্যাবল ও কানেক্টরের ওপর পড়ে। গাড়ির ঝাঁকুনিতে এই চাপ আরও বেড়ে যায় এবং চার্জারের ভেতরের সূক্ষ্ম তারগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে আপনার পকেটের টাকা এবং পরিবেশ দুটোরই ক্ষতি করছে।

তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী? বিশেষজ্ঞরা বলছেন সবার আগে ক্যাবলের প্রতি যত্নশীল হতে হবে। ফোন চার্জে থাকা অবস্থায় খুব ধারালো কোণে বা বাঁকা করে সেটি ব্যবহার করা বন্ধ করতে হবে। চার্জার খোলার সময় সব সময় প্লাগের শক্ত প্লাস্টিকের অংশটি ধরে খুলতে হবে এবং কোনো অবস্থাতেই তার ধরে টানা যাবে না। এছাড়া ক্যাবল কেনার সময় কিছুটা বেশি খরচ করে ভালো মানের ব্রেইডেড (Braided) বা মজবুত ক্যাবল কেনা বুদ্ধিমানের কাজ হবে। সস্তা ও নিন্মমানের ক্যাবল কেনার চেয়ে ভালো মানের একটি ক্যাবল দীর্ঘমেয়াদে আপনার অনেক টাকা সাশ্রয় করবে এবং ফোনের ব্যাটারির স্বাস্থ্যও ভালো রাখবে।

banner
Link copied!