বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস জঙ্গি বিচার

আইন লঙ্ঘন ও আইএস যোগ: ছয় ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইরাকি আদালতে

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৩০ পিএম

আইন লঙ্ঘন ও আইএস যোগ: ছয় ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইরাকি আদালতে

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেওয়ার অপরাধে গত বুধবার ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। এই দণ্ডিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন পরিচিত জঙ্গি থমাস বার্নৌইন।

গত বছর সিরিয়া থেকে স্থানান্তরিত ৪৭ জন ফরাসি নাগরিকের বিচারকাজ গত সেপ্টেম্বর মাসে শুরু হয়। চরমপন্থী এই গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে তাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়, যা ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাক ও সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করত। এর আগে এই মামলার আসামিদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছিল আদালত, যার অধিকাংশই যাবজ্জীবন কারাদণ্ড।

চলতি মাসে নিজের বিচার চলাকালে ৪৫ বছর বয়সি বার্নৌইন আদালতকে জানায়, ধর্মীয় দায়িত্ববোধ থেকেই সে সিরিয়ায় গিয়েছিল। তার দাবি ছিল, আইএস ফ্রান্সে হামলা চালাতে পারে এমন কোনো পূর্বধারণা তার ছিল না।

২০০০ সালের শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করে বার্নৌইন এবং ক্রমান্বয়ে উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগ ছিল, যার মধ্যে মোহামেদ মেরাথও অন্তর্ভুক্ত ছিল। ২০১২ সালে একটি ইহুদি স্কুলে চারজনকে হত্যা করেছিল মেরাথ, যার মধ্যে তিনজন ছিল শিশু।

১৪ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমায় বার্নৌইন এবং এর তিন বছর পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর হাতে ধরা পড়ে সে।

আইএসের রেখে যাওয়া ধ্বংসচিহ্ন মোকাবিলা করছে ইরাক। দেশটিতে এখনো গণকবরের সন্ধান মিলছে এবং আইএসের বর্বরতার ঘটনাগুলোর সাক্ষ্য যাচাই করতে হচ্ছে। ১৪ সালে সিরিয়া ও ইরাকজুড়ে তাণ্ডব চালায় আইএস, গণহত্যা চালানোর পাশাপাশি নারী ও কিশোরীদের দাসত্বে বাধ্য করে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় ২০১৭ সালে এই গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের ঘোষণা দেয় ইরাক। এর দুই বছর পর প্রতিবেশী সিরিয়ায় ওয়াশিংটনের সমর্থিত কুর্দি বাহিনী আইএসের পরাজয় নিশ্চিত করে।

সন্দেহভাজন জঙ্গিতে পূর্ণ হয়ে আছে ইরাকের কারাগারগুলো। গত ফেব্রুয়ারিতে ষাটটিরও বেশি দেশ থেকে আসা পাঁচ হাজার সাতশোর বেশি আইএস বন্দিকে গ্রহণ করে এই জেলখানাগুলো। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর পরিচালিত কারাগারে দীর্ঘ বছর আটক থাকার পর তাদের সিরিয়া থেকে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। আদালতের একটি সূত্র জানিয়েছে, এই দলটির বিচার প্রক্রিয়া আগামী রবিবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

বিদেশি যোদ্ধা সহ সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের শত শত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইরাকি আদালত। তবে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া মানা হয়নি অভিযোগ করে এই বিচার কার্যক্রমের সমালোচনা করেছে কিছু মানবাধিকার গোষ্ঠী।

ইউরোপ থেকে হাজার হাজার মানুষ আইএসে যোগ দিতে গিয়েছিল। এই জঙ্গিদের পরিবারের সদস্যদের ফ্রান্সে ফিরে আসার অনুমতি দিয়েছে প্যারিস, তবে প্রাপ্তবয়স্ক সন্দেহভাজনদের বেশিরভাগকেই দেশে ফিরিয়ে আনতে অস্বীক জানিয়েছে ফরাসি সরকার, যার ফলে তাদের বিদেশি আদালতেই আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। আকস্মিক কোনো পদক্ষেপ না নিয়ে তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

banner
Link copied!