দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এই আক্রমণকে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে অভিহিত করেছে।
রামাল্লার পূর্বে তাইয়েবে শহরের কাছে এই প্রতিনিধিদলকে লক্ষ্যবস্তু করা হয়। এই দলে ফ্রান্স ও বেলজিয়ামের কনসাল, একজন পোলিশ প্রতিনিধি এবং ক্যাথলিক গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় একজন ফরাসি মেয়রের ওপর হামলা চালানো হয়েছে এবং বেলজিয়ামের একটি কনস্যুলার গাড়ি ভাঙচুর করা হয়। ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েল সরকারকে হামলাকারীদের রক্ষা করার এবং অপরাধের সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিশ্বনেতাদের প্রতি ফিলিস্তিনি ও বিদেশি প্রতিনিধিদের সুরক্ষা নিশ্চিত করার এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখঢাকা কিছু ব্যক্তি লাঠিসোঁটা ও পাথর নিয়ে প্রতিনিধিদলের গাড়িগুলোর যাত্রীদের হুমকি দিচ্ছে। এ সময় একটি গাড়ির জানালার কাঁচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, অফ-রোড গাড়িতে করে মুখঢাকা সাতজন হামলাকারী ঘটনাস্থলে আসে। তারা একটি কূটনৈতিক গাড়ি ঘিরে ধরে, যাত্রীদের পরিচয়পত্র দাবি করে এবং বেলজিয়ান কনস্যুলার গাড়ির কাঁচ ভেঙে দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাত শুরুর কয়েক মিনিটের মধ্যেই কর্তৃপক্ষকে সঠিক অবস্থান ও ভিডিও ফুটেজ পাঠানো হলেও ইসরায়েলি সেনা ও পুলিশ তিন ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনাকে একটি গুরুতর সহিংস ঘটনা হিসেবে বর্ণনা করেছে। তবে তাদের দাবি, প্রতিনিধিদলটি আগে থেকে তাদের সফর সম্পর্কে জানায়নি এবং সেই সময় ওই এলাকায় কোনো সেনা মোতায়েন ছিল না।
ফিলিস্তিনের উপরাষ্ট্রপতি হুসেইন আল-শেখ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ফিলিস্তিনিদের প্রতিদিনের মুখোমুখি হওয়া সহিংসতার একটি রূপ হিসেবে উল্লেখ করে জোরালো আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দাবি জানান।
চলতি মাসের শুরুতে জলপাই সংগ্রহ মৌসুম শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা আরও বেড়ে গেছে। ফিলিস্তিনি ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, গত শনিবার কৃষক, কৃষিজমি এবং জলপাই ফসলের ওপর ইসরায়েলি বাহিনী ও দখলদাররা চল্লিশটি হামলা ও লঙ্ঘন চালিয়েছে।
