রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পশ্চিম তীরে অভিযান

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান: দুই ফিলিস্তিনি আটক ও টিয়ারগ্যাস নিক্ষেপ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ১৮, ২০২৬, ০৬:০০ এএম

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান: দুই ফিলিস্তিনি আটক ও টিয়ারগ্যাস নিক্ষেপ

দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানের সময় নিক্ষিপ্ত টিয়ারগ্যাসের কারণে বেশ কয়েকজন শিশু শ্বাসকষ্টে ভুগেছে বলে স্থানীয় ফিলিস্তিনি সূত্রে জানা গেছে।

ভয়েস অব ফিলিস্তিন রেডিওর খবরে জানানো হয়, নাবলুসের দক্ষিণ-পূর্বে অবস্থিত আকরাবা শহরে একটি জলপাই মাড়াই কল এবং একটি গাড়ির লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। গ্যাসের কারণে বেশ কয়েকজন শিশুর শ্বাস নিতে মারাত্মক সমস্যা দেখা দেয়।

আরেকটি পৃথক অভিযানে রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত আল-মুগাইয়ির গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দুই তরুণকে আটক করে ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কর্মীদেও ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনারা মাটিতে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছেন এবং একটি গ্রামের প্রবেশদ্বারে থাকা স্মারকস্তম্ভ থেকে এক তরুণকে ফিলিস্তিনির পতাকা নামাতে বাধ্য করছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লার উত্তর-পশ্চিমে নবী সালেহ এবং দেইর আবু মাশাল গ্রামেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব এলাকায় অভিযানের সময় সেনারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি।

দখলকৃত পূর্ব জেরুজালেমের কাছে আল-রাম শহরের একটি গোলচত্বরে যানবাহন লক্ষ্য করে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নেত। একই সঙ্গে জাবা সামরিক চেকপয়েন্ট বন্ধ করে দেওয়ায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে উত্তরের দিকে নাবলুসের দক্ষিণে মাদামা গ্রামে অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভয়েস অব ফিলিস্তিন।

গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সমগ্র পশ্চিম তীরজুড়ে সহিংসতা ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, এই সময়ের মধ্যে সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি পুড়িয়ে দেওয়া এবং ভূমি দখলের ঘটনা বেড়েছে।

ফিলিস্তিনি বিভিন্ন কমিউনিটির ওপর এ ধরনের দমনপীড়ন অব্যাহত থাকায় পশ্চিম তীরের সার্বিক পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

banner
Link copied!