দখলকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি চিকিৎসাকেন্দ্রগুলোকে সহায়তার জন্য ৬ লাখ ইউরো প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে গ্রিস। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৭১ হাজার মার্কিন ডলারের বেশি। সোমবার ফিলিস্তিন কর্তৃপক্ষ এই আর্থিক সহায়তার কথা ঘোষণা করে।
জেরুজালেমে নিযুক্ত গ্রিসের কনসাল জেনারেল দিমিত্রিওস অ্যাঞ্জেলোসোপুলোস এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ইস্তেফান সালামেহ আর্থিক সমন্বয় আলোচনার সময় আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করেন।
ইউরোপীয় ইউনিয়নের পেগাস প্রোগ্রামের মাধ্যমে এই অনুদানের অর্থ পাঠানো হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষকে সরকারি খাতের বেতন পরিশোধ এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো জরুরি সেবাগুলো সচল রাখতে ২০০৮ সালে এই তহবিল গঠন করেছিল ইউরোপীয় কমিশন।
জেরুজালেমে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয় ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে করা এই চুক্তি ব্যবস্থাপনার কাজটি পরিচালনা করবে।
চলতি বছরের শুরুর দিকে দেওয়া ইউরোপীয় আর্থিক সহায়তার ধারাবাহিকতায় গ্রিসের এই প্রতিশ্রুতির কথা এল। জেরুজালেমের ফিলিস্তিনিদের জন্য চিকিৎসাসেবা অর্থায়নে গত এপ্রিলে ইউরোপীয় দেশগুলো ৯২ লাখ ৯০ হাজার ইউরো সহায়তা দিয়েছিল।
পূর্ব জেরুজালেমে অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল এবং আল মাকাসিদ ইসলামিক চ্যারিটেবল সোসাইটি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরবরাহ না থাকলে পশ্চিম তীর ও গাজা থেকে পাঠানো রোগীদের এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হয়।
ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার খরচ মেটাতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি রোগীদের রেফারেল বাবদ ইউরোপীয় ইউনিয়নের মোট অবদান ২২ কোটি ৫০ লাখ ইউরো ছাড়িয়েছে।
