মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যে ঝড়ের পূর্বাভাস

ঝড় অস্টেনের আঘাত: যুক্তরাজ্যে ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২০, ২০২৬, ০৮:৩০ পিএম

ঝড় অস্টেনের আঘাত: যুক্তরাজ্যে ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস

চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বেগে বাতাস বয়ে আনতে পারে মৌসুমের প্রথম নামকৃত ঝড় অস্টেন। আবহাওয়াবিদেরা এই তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বা মেট অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নাগাদ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে এই ঝড়।

জেট স্ট্রিমের প্রভাবে আটলান্টিক মহাসাগরে থাকা একটি নিম্নচাপ অঞ্চল দ্রুত ঘনীভূত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

যুক্তরাজ্যে কোনো ঝড়ের কারণে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলে এবং সেটির জন্য কমলা বা লাল সতর্কতা জারির পরিস্থিতি তৈরি হলে সেটির নামকরণ করা হয়। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও দক্ষিণ ওয়েলসের বেশিরভাগ অংশ জুড়ে শুক্রবার মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র বাতাসের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মেট অফিস। এছাড়া পূর্ব দিকে ব্রাইটন পর্যন্ত দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোও এই ঝড়ের প্রভাবের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সবচেয়ে বেশি উন্মুক্ত উপকূলীয় এলাকাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সতর্কতার আওতাধীন অন্যান্য এলাকায় ৫০ থেকে ৬০ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আরও নিশ্চিত হওয়ার সাথে সাথে সতর্কবার্তাগুলো পর্যালোচনা ও আপডেট করা হতে পারে। তাই আগামী দিনগুলোতে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির আপডেট সম্পর্কে সচেতন থাকা জরুরি।

শুক্রবার পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হবে ঝড় অস্টেন এবং ওই দিন শেষের দিকে বাতাসের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার রাতের দিকে উত্তর সাগরের দিকে সরে যাবে এই আবহাওয়া ব্যবস্থা। তবে সপ্তাহজুড়ে এবং আগামী সপ্তাহের শুরুর দিকেও আরও বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

প্রতি বছর সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের আগস্ট পর্যন্ত সময়কে ঝড়ের মৌসুম হিসেবে গণ্য করে মেট অফিস। এই ১২ মাসের প্রতিটি সময়ে বর্ণমালা অনুযায়ী পরবর্তী ঝড়গুলোর নামকরণ করা হয়, যা অস্টেন থেকে শুরু হয়ে ওয়েন্ডে পর্যন্ত অব্যাহত থাকে।

আন্তর্জাতিক নামকরণের নিয়ম অনুসরণ করে ইংরেজি কিউ, ইউ, এক্স, ওয়াই এবং জেড বর্ণগুলো এই তালিকার বাইরে রাখা হয়। আয়ারল্যান্ডের আবহাওয়া সংস্থা মেট ইয়েরান এবং নেদারল্যান্ডসের আবহাওয়া সংস্থা কেএনএমআইয়ের সাথে যৌথভাবে এই নামগুলো নির্ধারণ করে মেট অফিস।

মেট ইয়েরানের প্রথম পরিচালক অস্টেন নেগলের সম্মানে এই ঝড়ের নাম অস্টেন হিসেবে বেছে নিয়েছেন তারা। মেট অফিসের সতর্কবার্তা ও নির্দেশনা বিভাগের প্রধান হোলি ক্লেমেন্টস জানিয়েছেন, ঝড়ের নামকরণের ফলে বিগত এক দশকেরও বেশি সময় ধরে তীব্র আবহাওয়া সংক্রান্ত ঝুঁকিগুলো আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

হোলি ক্লেমেন্টস বলেন, একটি নামকৃত ঝড় আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তার ওপর মানুষের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে। এর ফলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে মানুষ আরও ভালোভাবে বুঝতে পারে এবং নিজেদের, পরিবার ও সম্পদ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

banner
Link copied!