বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ফ্রান্সে ঝড় ও বন্যা

কোর্সিকায় তীব্র ঝড়ে একজনের মৃত্যু: ফ্রান্সে রেকর্ড বৃষ্টিপাত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২১, ২০২৬, ০৬:৩০ পিএম

কোর্সিকায় তীব্র ঝড়ে একজনের মৃত্যু: ফ্রান্সে রেকর্ড বৃষ্টিপাত

স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, ফ্রান্সের অন্তর্গত কর্সিকা দ্বীপে আকস্মিক বন্যায় ভেসে যাওয়া নিখোঁজ এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার গভীর রাতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ষাটোর্ধ্ব ওই ব্যক্তি এক নারীর সঙ্গে গাড়িতে ভ্রমণ করছিলেন।

ঘিসোনাচ্চা এলাকায় একটি পাহাড়ি নদীর তীব্র স্রোত হঠাৎ তাদের গাড়িটিকে ভাসিয়ে নিয়ে যায়।

সঙ্গে থাকা নারী কোনোমতে সাঁতরে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারলেও স্রোতের টানে তলিয়ে যান ওই ব্যক্তি।

পরবর্তীতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমধ্যসাগরীয় ঝড়ের প্রভাবে এই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার সবচেয়ে বড় আঘাত এসে পড়ে কর্সিকার ওপর।

সোলেনজারা বিমানঘাঁটির আবহাওয়া অফিস মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে ৬১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, এই পরিমাণ বৃষ্টি ওই অঞ্চলের পুরো অক্টোবরের স্বাভাবিক গড়ের পাঁচ গুণ।

ভারী বর্ষণের কারণে বহু সড়ক পানিতে তলিয়ে যায় এবং গভীর পানিতে আটকে পড়ে শত শত যানবাহন।

যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়া চালকদের উদ্ধার করতে মাঠে নামে জরুরি সেবা বাহিনী।

নিরাপত্তার খাটো অনেককে সারারাত নিরাপদ আশ্রয়ে রাখা হয়।

এদিকে মঙ্গলবার অপর এক ঘটনায় সেন্ট মিত্রে লেস রেমপার্টস এলাকা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণাঞ্চলীয় বুশ দ্যু রোন বিভাগে উদ্ধারকারীরা একটি হেলিকপ্টার ব্যবহার করে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর মরদেহটি খুঁজে পান।

দ্বিতীয় এই মৃত্যুর পেছনের সুনির্দিষ্ট কারণ কী ছিল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

বিএফএমটিভির তথ্য অনুযায়ী, তীব্র এই দুর্যোগের অবসান ঘটেছে এবং ফ্রান্সের কোনো জেলাই আর কমলা সতর্কবার্তার আওতায় নেই।

banner
Link copied!