সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সিরীয় সীমান্ত

দক্ষিণ সিরিয়ার কৃষিজমিতে সামরিক দেয়াল সম্প্রসারণ করছে ইসরায়েল

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২৬, ২০২৬, ১২:০০ পিএম

দক্ষিণ সিরিয়ার কৃষিজমিতে সামরিক দেয়াল সম্প্রসারণ করছে ইসরায়েল

দক্ষিণ সিরিয়ার ব্যক্তিগত মালিকানাধীন কৃষিজমির ওপর দিয়ে একটি সামরিক বাধা বা দেয়াল সম্প্রসারণ করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের আল-হানুত খামারের পশ্চিম দিকে এই নির্মাণকাজ চলছে।

সুফা ৫৩ নামের দুর্গ নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে কৃষিজমির ওপর মাটির বাঁধ বা ঘের তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে এই নতুন বাঁধের পশ্চিম দিকে থাকা বিশাল কৃষিজমি এই নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত হবে।

এর আগে ইসরায়েলি সেনারা সাইদা গ্রামের কাছে আল-হানুত এলাকায় প্রায় ১৩ ডুনাম জলপাই বাগান বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়। পাশাপাশি কৃষকদের তাঁদের বাকি জমিতে গিয়ে জলপাই সংগ্রহ করতেও বাধা দেওয়া হয় সেনারা।

সুফা ৫৩ প্রকল্পে রয়েছে একটি সামরিক রাস্তা, পরিখা এবং মাটির বাঁধ। উত্তর কুনেইত্রার হাদরের কাছে মধ্য ২০২২ সালে এই উদ্যোগের নির্মাণকাজ শুরু করেছিল ইসরায়েল।

এরপর এই প্রকল্প দখলকৃত সিরীয় গোলান মালভূমির সঙ্গে বিভাজন রেখা ধরে দক্ষিণ দিকে কুনেইত্রা প্রদেশজুড়ে বিস্তৃত করা হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে এই দুর্গ নির্মাণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় এই নির্মাণকাজকে সৈন্য বিচ্ছিন্নকরণ চুক্তি এবং আন্তর্জাতিক প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

ইসরায়েলি সেনারা উত্তর কুনেইত্রায় প্রবেশ করে জুবাতা আল-খাশাব ও আইন আল-বায়দার মধ্যবর্তী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এই অভিযানে বেশ কয়েকটি সামরিক যান অংশ নেয়।

সেনারা চেকপোস্টে পথচারীদের থামিয়ে তল্লাশি চালায় এবং পরে এলাকা থেকে সরে যায়। জুবাতা আল-খাশাবের কাছাকাছি এলাকায় ইসরায়েলি বাহিনী অনুরূপ আরেকটি অনুপ্রবেশ চালায়।

বাশার আল-আসাদের পতনের পর দক্ষিণ সিরিয়ায় বারবার অনুপ্রবেশ চালিয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালের সৈন্য বিচ্ছিন্নকরণ চুক্তি বাতিল ঘোষণা করে এবং নিরস্ত্রীকরণ বাফার জোন দখল করার পর এই সামরিক অভিযানগুলো পরিচালনা করা হয়।

banner
Link copied!