শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

টরন্টো ব্লু জেস

অ্যান্থনি সান্তান্ডারের ইসলামবিদ্বেষী পোস্ট: দূরত্ব বজায় রাখল ব্লু জেস

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৭, ২০২৬, ১২:০০ পিএম

অ্যান্থনি সান্তান্ডারের ইসলামবিদ্বেষী পোস্ট: দূরত্ব বজায় রাখল ব্লু জেস

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিদ্বেষী কিছু ভিডিও শেয়ার করার পর আউটফিল্ডার অ্যান্থনি সান্তান্ডার থেকে নিজেদের দূরত্ব বজায় রাখল টরন্টো ব্লু জেস। গত বৃহস্পতিবার ক্লাবটির পক্ষ থেকে এই অবস্থান পরিষ্কার করা হয়।

সান্তান্ডারের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ইসলামবিদ্বেষী পোস্টগুলোর মধ্যে একটি ভিডিও ছিল, যেখানে দাবি করা হয় যে গত রাতে আমেরিকা শরীআহ আইনের পক্ষে ভোট দিয়েছে। ওই ভিডিওটিতে মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল সায়েদের একটি ছবি ব্যবহার করা হয়েছিল।

মিশিগানে জন্ম নেওয়া এল সায়েদ মিশরের অভিবাসীদের সন্তান। গত মঙ্গলবার তিনি নির্বাচিত হন এবং প্রথম মুসলিম আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটর হতে চলেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তান্ডারের শেয়ার করা দ্বিতীয় ভিডিওটিতে দাবি করা হয় যে ইসলাম ধর্ম শান্তির বার্তা দেয় না।

গত বৃহস্পতিবার সকালের মধ্যে পোস্টগুলো সব মুছে ফেলা হয়। এই ঘটনার পর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে ব্লু জেস কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, বেসবল সবার জন্য এবং ব্লু জেস এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করেছে যেখানে আমাদের বলপার্কে সব সমর্থক স্বাগত বোধ করেন। ব্যক্তিগত মন্তব্য কখনো আমাদের সংস্থার মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না।

সান্তান্ডার ভেনেজুয়েলার একজন ৩২ বছর বয়সী নাগরিক। তিনি ২০২৫ মৌসুমের আগে টরন্টোর সঙ্গে নয় কোটি ২৫ লাখ ডলারে পাঁচ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন।

এই আউটফিল্ডার বেশ কিছুদিন ধরে কাঁধের ইনজুরিতে ভুগছেন। শারীরিক এই জটিলতার কারণে তিনি পুরো ২০২৬ মৌসুম খেলতে পারেননি।

২০২৫ সালে ব্লু জেসের হয়ে নিজের প্রথম মৌসুমে তিনি ৫৪ ম্যাচে ১৭৫ গড়ে ব্যাট করেন এবং ছয়টি হোম রান ও ১৮টি আরবিআই সংগ্রহ করেন।

টরন্টোতে যোগ দেওয়ার আগে সান্তান্ডার ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম আট মৌসুম বাল্টিমোর ওরিওলস দলে খেলেছেন। বাল্টিমোরে ৭৪৬টি নিয়মিত মৌসুমের ম্যাচে তিনি ২৪৬ গড়ে ব্যাট করেন, ১৫৫টি হোম রান ও ৪৩৫টি আরবিআই করেন এবং ২০২৪ সালে অল-স্টার দলে জায়গা পান।

banner
Link copied!