সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ভূমিমাইন বিস্ফোরণ

উত্তরপশ্চিম সিরিয়ায় ভূমিমাইন বিস্ফোরণে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২৩, ২০২৬, ০১:০০ এএম

উত্তরপশ্চিম সিরিয়ায় ভূমিমাইন বিস্ফোরণে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

উত্তরপশ্চিম সিরিয়ায় একটি ভূমিমাইন বিস্ফোরণে চার শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। রোববার ইদলিব প্রদেশের গ্রামাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এই হতাহতের খবর জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের আমলে ওই এলাকায় মাইনটি পুঁতে রাখা হয়েছিল।

দীর্ঘ তেরো বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে অসংখ্য ভূমিমাইন ও যুদ্ধের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সংঘাতের সময় বিভিন্ন পক্ষ দেশের বিভিন্ন এলাকায় এসব মাইন স্থাপন করেছিল।

জাতিসংঘের তথ্যে এই দীর্ঘস্থায়ী সংকটের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত সিরিয়াব্যাপরি ১ হাজার ৩৩৭টি অবিস্ফোরিত বিস্ফোরক বা মাইন বিস্ফোরণের ঘটনা রেকর্ড করা হয়েছে।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানিয়েছে, এসব দুর্ঘটনায় মোট ২ হাজার ৩২৫ জন মানুষ হতাহত হয়েছেন। এই হতাহতদের মধ্যে সাড়ে আট শতাধিক শিশু রয়েছে।

পূর্ববর্তী সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে রয়েছে বলে বারবার সতর্ক করে আসছে বিভিন্ন সাহায্য সংস্থা। গত সেপ্টেম্বর মাসে বেসরকারি সংস্থা হ্যালো ট্রাস্টের সিরিয়া কর্মসূচি ব্যবস্থাপক সাইমন জ্যাকসন এই পরিস্থিতি নিয়ে কথা বলেন।

সাংবাদিকদের জ্যাকসন জানান, ভূমিমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের কারণে প্রতি ছয় ঘণ্টায় গড়ে একজন মানুষ হতাহত হচ্ছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো সাধারণ মানুষের ওপর এসব অস্ত্রের ভয়াবহ প্রভাব নথিভুক্ত করেছে। গত জুন মাসে ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মুনিশন মনিটরের প্রকাশিত এক প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি মাইন ও বিস্ফোরক হতাহতের ঘটনা ঘটেছে সিরিয়ায়।

মনিটরের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক বছরে এই ধরনের ডিভাইসের কারণে ১ হাজার ৬০০ মানুষ নিহত বা আহত হয়েছেন।

banner
Link copied!