চলতি ১৪৪৭ হিজরি সালের পবিত্র ঈদুল আজহা উদযাপনের সুনির্দিষ্ট তারিখ বিশ্বে সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। গত শনিবার তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়, যার পর তুরস্ক কর্তৃপক্ষও তাদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
জিলহজ মাস শুরু হওয়ার আগেই তারা এই তারিখ চূড়ান্ত করল।
দেশ দুটির জাতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। তুরস্ক মূলত সরাসরি খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর না করে সম্পূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ও গাণিতিক গণনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়ে থাকে, সেই নিয়ম মেনেই ২৭ মে ঈদের দিন নির্ধারিত হয়েছে। তিউনিসিয়া ও তুরস্কের এই আগাম ঘোষণা আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম ডায়াসপোরাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদ কবে হবে তা আজ রোববার সন্ধ্যায় নিশ্চিত হওয়া যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আজ ২৯ জিলকদ সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ অনুসন্ধানের ঘোষণা দিয়ে রেখেছে। আজ আকাশে নতুন চাঁদ দেখা গেলে মধ্যপ্রাচ্যেও ২৭ মে ঈদ হবে, অন্যথায় তা একদিন পিছিয়ে ২৮ মে অনুষ্ঠিত হবে। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় মাসের নবম দিনে পবিত্র আরাফাত দিবস এবং দশম দিনে পবিত্র কোরবানি উদযাপিত হয়, যার জন্য বিশ্বজুড়ে প্রস্তুতি চলছে।
