ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজাএমের তিনটি নির্দিষ্ট এলাকার অনির্দিষ্টসংখ্যক ফিলিস্তিনির প্রবেশাধিকারের পারমিট প্রত্যাহার করে নিয়েছে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, এই কড়াকড়ির কারণে ভুক্তভোগী বাসিন্দারা তাদের নিজ বাড়িতে পৌঁছাতে পারছেন না।
এ বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নরেট এই নিষেধাজ্ঞার প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ পারমিট ব্যবস্থাকে তাদের যাতায়াত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তারা পারমিট বাতিল কিংবা নবায়ন না করার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে কে বাড়ি যেতে পারবে আর কে পারবে না।
গভর্নরেট এই পদক্ষেপকে একটি সুপরিকল্পিত বিচ্ছিন্নকরণ নীতির অংশ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ পৃথকীকরণ প্রাচীর ও সামরিক চেকপোস্ট দিয়ে ওই তিনটি জনবসতিকে ঘিরে রেখেছে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েল এই তিনটি জায়গাকে সংঘাতপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে। ওই ঘোষণার পর স্থানীয় বাসিন্দাদের এক বছর মেয়াদি বিশেষ পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই ব্যবস্থার অধীনে ফিলিস্তিনিদের নিজ বাড়িতে ফেরার মৌলিক অধিকার এখন দখলদার কর্তৃপক্ষের অনুমোদন এবং পারমিট নবায়নের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে জাতিসংঘের মানবাধিকার পরিষদ দখলকৃত অঞ্চলের পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব পাস করে। জাতিসংঘ ওই প্রস্তাবে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে মাঠপর্যায়ে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছিল।
ওই প্রস্তাবে সুনির্দিষ্টভাবে বসতি সম্প্রসারণ, বাড়ি ভাঙচুর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের আবাসিক পারমিট বাতিলের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
