আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ১৫ বছর বয়সী ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীকে ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে। এএফপি-এর প্রতিবেদন অনুযায়ী, আগামি শনিবার নির্বাচকদের সভায় দল ঘোষণার সময় এই তরুণ ক্রিকেটারের নাম চূড়ান্ত হতে পারে। রাজস্থান রয়্যালসের হয়ে এই মৌসুমে ৭৭৬ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তার এই তালিকায় রয়েছে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক।
সূর্যবংশীর সম্ভাব্য অন্তর্ভুক্তি ভারতের ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক হতে পারে। ভারতের হয়ে এখন পর্যন্ত অভিষেক হওয়া কনিষ্ঠতম খেলোয়াড় হওয়ার পথে রয়েছেন তিনি। আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি তিনি ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের মতো পুরস্কার জিতেছেন। যদিও তার দল শিরোপার লড়াইয়ে খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে, তবুও বৈভবের পারফরম্যান্স ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
দলের নেতৃত্বেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের অফফর্মের কারণে তার পরিবর্তে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। বিশ্বকাপের তিন মাস পরেই দলের এমন পরিবর্তন বড় আলোচনার জন্ম দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও তিনি ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন, যেখানে তার গড় ছিল ২০ এর নিচে। সব মিলিয়ে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক।
সূর্যকুমারের জায়গায় নেতৃত্বভার পেতে পারেন শ্রেয়াস আইয়ার। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতেছিল এবং পাঞ্জাব কিংসকে প্লে-অফ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া ইশান কিষাণ ও তিলক ভার্মার নামও নেতৃত্বের দৌড়ে রয়েছে। মুম্বাইয়ে অনুষ্ঠেয় নির্বাচক কমিটির সভায় সব কিছু চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড এখন ভবিষ্যতের কথা ভেবেই তরুণদের সুযোগ দেওয়ার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ১৫ বছর বয়সী সূর্যবংশীর অন্তর্ভুক্তির মাধ্যমে সেই বার্তাটিই স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার অপেক্ষা, এই বিস্ময় বালক আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা কতটা মেলে ধরতে পারেন।
