শনিবার, ০৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিল ও ফ্রান্সকে এগিয়ে রাখলেন মেসি: শিরোপা লড়াইয়ের পূর্বাভাস

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : জুন ৬, ২০২৬, ০৩:৫৭ পিএম

ব্রাজিল ও ফ্রান্সকে এগিয়ে রাখলেন মেসি: শিরোপা লড়াইয়ের পূর্বাভাস

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন এখন শেষ পর্যায়ে। শিরোপা লড়াইয়ে কোন দলগুলো এগিয়ে, তা নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এই উত্তেজনার মাঝে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের নেতা মনে করেন, সাম্প্রতিক সময়ে ছন্দ নিয়ে কিছু প্রশ্ন থাকলেও ব্রাজিল এখনও বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার পছন্দের তালিকার কথা জানিয়েছেন।

মেসি তার বক্তব্যে পরিষ্কার করেছেন যে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার জন্য চেষ্টা করবে ঠিকই, তবে এই মুহূর্তে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দল দারুণ ফর্মে রয়েছে। তিনি বলেন, ব্রাজিল সবসময়ই শিরোপার জন্য লড়াই করার মতো একটি দল। যদিও তারা কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে নেই, কিন্তু তাদের দলে এমনসব খেলোয়ার রয়েছে যারা যেকোনো বড় টুর্নামেন্ট জেতার সামর্থ্য রাখে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটিতে কৌশলগত পরিবর্তন আসছে, যা তাদের আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে বলে তিনি বিশ্বাস করেন।

ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা অধিনায়ক শিরোপা প্রত্যাশীদের তালিকায় ফ্রান্স, স্পেন ও পর্তুগালকে রেখেছেন। তিনি মনে করেন, ফ্রান্সের মতো দলগুলো সবসময়ই বড় টুর্নামেন্টে ভিন্ন শক্তিতে আবির্ভূত হয়। বিশেষ করে তাদের খেলোয়ারদের গভীরতা এবং অভিজ্ঞতার কারণে তারা এবারের আসরেও ফেভারিট। স্পেন এবং পর্তুগালকেও তিনি অত্যন্ত শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে অভিহিত করেছেন। মেসি মনে করেন, বিশ্বকাপের মতো বড় আসরে এই দলগুলোর প্রস্তুতি অন্যদের চেয়ে অনেক বেশি গোছানো।

নিজের দলের অবস্থান নিয়ে অত্যন্ত বাস্তববাদী ও সতর্ক আর্জেন্টাইন এই মহাতারকা। তিনি স্বীকার করেছেন যে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের মিশন মোটেও সহজ হবে না। দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের স্কোয়াডের কয়েকজন খেলোয়ার চোট ও ফিটনেস সমস্যায় ভুগছে। তবে বড় মঞ্চে খেলার যে মানসিক শক্তি ও অভিজ্ঞতা আমাদের রয়েছে, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন।

মেসির মতে, বড় টুর্নামেন্টে যেকোনো মুহূর্তে চমক দেখা যেতে পারে এবং কোনো দলই নিজেদের নিরাপদ মনে করতে পারে না। তিনি জানান, বিশ্বকাপের মঞ্চে অপ্রত্যাশিত ঘটনা সবসময়ই ঘটে, তাই প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে। ফুটবল বিশ্বের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তার এই বিশ্লেষণ ভক্ত ও বিশ্লেষকদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আগামী ১৪ জুন থেকে মাঠে গড়াতে যাওয়া এই মহাযজ্ঞে শেষ পর্যন্ত কোন দল বিশ্বজয়ের মুকুট পরবে, তা দেখার অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

banner
Link copied!