হরমুজ প্রণালীর কাছে একটি মনুষ্যবিহীন আধুনিক মার্কিন ডুবোজাহাজ আটকের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা প্রকাশ্যে এল। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটককৃত স্বয়ংক্রিয় ডুবোজাহাজটি মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যান্ড্রিল ইন্ডাস্ট্রিজের তৈরি ডাইভ-এলডি মডেলের একটি জলযান, যা সাধারণত গোয়েন্দা নজরদারি এবং সমুদ্রতলের মানচিত্র তৈরিতে ব্যবহার করা হয়।
ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, অত্যন্ত জটিল এক গোয়েন্দা ও অপারেশনাল অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালীর প্রবেশদ্বার থেকে অত্যাধুনিক এই ড্রোন জলযানটি কবজা করা হয়েছে। তবে পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনটি আগেই ত্রুটিপূর্ণ হয়ে পড়েছিল এবং এটি কোনো সংবেদনশীল তথ্য বা শ্রেণিবদ্ধ সরঞ্জাম বহন করছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পেন্টাগন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, এই পুরনো মডেলের জলযানটি নিয়মিত সামুদ্রিক সমীক্ষার কাজে ব্যবহৃত হচ্ছিল।
ডাইভ-এলডি ডুবোজাহাজটি প্রায় ছয় মিটার দীর্ঘ এবং এটি চরম পরিবেশেও দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম। এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রিল ইন্ডাস্ট্রিজ জানিয়েছে যে, এই স্বয়ংক্রিয় সিস্টেমগুলো বিপজ্জনক পরিবেশে ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়েছে, ফলে এ ধরনের জলযান হারানোর ঝুঁকি থেকেই যায়। এর আগে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেল ট্যাংকারে হামলা চালায়, যার ফলে উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত নতুন মোড় নিয়েছে। বর্তমান সংঘাতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।
